
আন্তর্জাতিক ডেস্ক :
ভুয়া নিরাপত্তা ইস্যুর কথা বলে তিনটি মুসলমান পরিবারকে ফেরিতে উঠতে দেননি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেরিকর্মীরা। আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিলের মাধ্যমে এমন একটি অভিযোগ দায়ের করা হয়েছে। খবর সিবিএস নিউজ।
অভিযোগে বলা হয়, ব্রুকলিনের বে ব্রিজ থেকে তারা একটি ফেরিতে ওঠেন। তাদের ওয়ালস্ট্রিটে যাওয়ার কথা। গত ২১ সেপ্টেম্বরের ঘটনা এটি। কিন্তু পরে ব্রুকলিন ব্রিজপার্কের গোড়া থেকে আরেকটি ফেরিতে ওঠার সিদ্ধান্ত নেন তারা। তাদের কাছে একটি ডাবল ট্রলি ও কয়েকটি শিশু থাকায় অন্য যাত্রীদের পরে উঠতে বলা হয়েছিল। দুই নারী ছিলেন হিজাব ও ধর্মীয় পোশাকে। কথা বলার সময় উচ্চারণও ছিল ভিন্ন। ফেরিকর্মীরা শুরুতে তাদের উঠতে দিতে রাজি হয়েছিলেন। কিন্তু যখন তারা ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন দুই ফেরি কর্মকর্তা কানাঘোষা করে কী যেন বলছিলেন। এর পর কর্মীরা তাদের ফেরিতে উঠতে বাধা দেন।
এক ফেরি কর্মকর্তা বলেন- নিরাপত্তা ইস্যুতে তারা ফেরিতে উঠতে পারবেন না। পরিবার সদস্যরা ব্যাখ্যা দাবি করলে ফেরিকর্মীরা চোখের সামনে গেট বন্ধ করে দেন। নিরাপত্তা বাহিনী তাদের ওঠাতে না করেছে বলে তারা দাবি করেন। কেন ফেরিতে উঠতে দেয়া হচ্ছে না- পরিবারগুলো জানতে চাইলে এক কর্মী খুবই কঠোর, অপেশাদার ও কটু ভাষায় তাদের সঙ্গে কথা বলেন। অন্য যাত্রীদের সামনেই এই অপ্রীতিকর ঘটনাটি ঘটানো হয়েছে। ফেরিতে উঠতে না পেরে শিশুরাও কান্নাকাটি শুরু করে দিয়েছিল।
ফেরি কর্মকর্তারা অবশেষে বলেন, শিশুরা আসনের ওপর দাঁড়িয়েছিল বলে তাদের ফেরিতে উঠতে দেয়া হবে না। ওই পরিবার তিনটির অভিযোগ, বৈষম্যমূলক আচরণকে ন্যায়সঙ্গত করতে ভুয়া অজুহাত দাঁড় করানো হয়েছিল।’
এসব অজুহাত মিথ্যা বলে পরবর্তী সময়ে নিউইয়র্ক সিটি ফেরি স্বীকার করে নিয়েছে। দুই ঘণ্টা অপেক্ষা করার পর বে ব্রিজ থেকে তারা যে ফেরিতে উঠেছিলেন, সেটিতে চড়ে চলে যান। নিউইয়র্ক সিটি ফেরি এ ঘটনাকে ভুল বোঝাবুঝি আখ্যায়িত করে তাদের ভাড়া পরিশোধের প্রস্তাব দিয়েছে।
