
ফাতেহ ডেস্ক
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে উগ্রবাদী খ্রিস্টান জঙ্গিদের নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। শাহাদতবরণকারী মুসল্লিদের পরিবারের প্রতি জানিয়েছেন সমবেদনা।
আজ শুক্রবার সন্ধ্যায় আমীরে হেফাজতের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও সমবেদনা জানান।
আল্লামা আহমদ শফী বলেন, আজ শুক্রবার মুসলমানদের পবিত্র দিনে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের কাছের মসজিদ আল নুরে যে সন্ত্রাসী হামলা হয়েছে তা বর্বরোচিত। বিশ্ব মুসলিম সম্প্রদায় এ ন্যাক্কারজনক ঘটনায় স্তব্ধ ও শোকাহত। আমি এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।
হেফাজত আমির আরও বলেন, এ হামলায় ৩ বাংলাদেশিসহ প্রায় ৫০জন মুসল্লি শহিদ হয়েছেন। পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান মসজিদে নামাযের সময় এমন কাপুরুষোচিত হামলা মানুষ মাত্রই মেনে নিতে পারে না। উগ্র খ্রিস্টান সন্ত্রাসীর হামলায় শহীদ ও হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।
নিউজিল্যান্ড সরকারের উদ্দেশ্যে আল্লামা শফী বলেন, এ হামলার অন্যতম উপকরণ ছিলো ইসলামফোবিয়া। পশ্চিমাদের মাঝে শান্তির ধর্ম ইসলামকে সন্ত্রাসী ও আগ্রাসি হিসেবে উপস্থাপন করা। আমি মনে করি, আপনার দেশে মুসলমানদের নিরাপদ অবস্থান নিশ্চিত করবেন। তাদের ধর্মপালন ও ধর্মপ্রচারে মহানুভবতার পরিচয় দিবেন। এবং ইসলামবিদ্বেষী বই, প্রচারপত্র এবং মিডিয়াভিত্তিক অপপ্রচার বন্ধে সচেষ্ট থাকবেন।
