
ফাতেহ ডেস্ক :
রাজশাহীর শাহ মখদুম থানার কাছে রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া কলেজছাত্রী লিজা রহমান (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় লিজা মারা যান।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, লিজার শরীরের ৬৪ শতাংশ দগ্ধ হয়েছিল। আজ সকাল সাড়ে ৭টায় তাঁর মৃত্যু হয়।
গত শনিবার দুপুরে রাজশাহী মহিলা কলেজের ছাত্রী লিজা শাহ মখদুম থানায় গিয়েছিলেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতে। পুলিশ তাঁকে তাদের ভিকটিম সাপোর্ট সেন্টারে যাওয়ার পরামর্শ দেয়। থানা ও ভিকটিম সেন্টার একই কম্পাউন্ডের মধ্যে। সেখানে গিয়ে লিজা শুধু নিজের নাম লেখেন। তারপর সিদ্ধান্ত নিতে না পেরে বাইরে আসেন। এরপর থানা থেকে খানিকটা দূরে রাস্তায় দাঁড়িয়ে তিনি প্রকাশ্যে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। গুরুতর আহত অবস্থায় এদিনই তাঁকে ঢাকায় পাঠানো হয়।
লিজার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়। তিনি রাজশাহী মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। লিজা তাঁর দত্তক মা-বাবার কাছে বড় হন।
