নির্বাচন ‘সুষ্ঠু’ করতে সাংগঠনিকভাবে কেন্দ্র পাহারা দেবে আওয়ামী লীগ

ফাতেহ ডেস্ক :

ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচন ‘সুষ্ঠু’ করতে আওয়ামী লীগ কর্মীরা ‘সাংগঠনিকভাবে’ কেন্দ্র পাহারায় থাকবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভোটের দুই দিন আগে বৃহস্পতিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ভোটকেন্দ্র দখল করতে আওয়ামী লীগ ‘সশস্ত্র সন্ত্রাসী’ এনে ঢাকায় জড়ো করছে বলে যে অভিযোগ বিএনপি করেছে, সে বিষয়ে গণমাধ্যমকর্মীরা ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করেন। উত্তরে তিনি বলেন, ‘বিএনপি তাদের স্বভাবসুলভ মিথ্যাচার, অপপ্রচার, বিভ্রান্তিকর মন্তব্য করে যাচ্ছে। এসবের মধ্য দিয়ে তারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং ভীতি সঞ্চারের মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে।’

শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ২ হাজার ৪৬৮টি কেন্দ্রে একটানা ভোট চলবে। তার আগে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত প্রচারের সুযোগ পাবেন প্রার্থীরা।

শেষ মুহূর্তের জমজমাট প্রচারের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি- দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগে কথার লড়াই চালিয়ে যাচ্ছে।

কাদের বলেন, ‘নির্বাচনের মাঠে জনগণের আশানুরুপ সাড়া না পেয়ে তারা বিভ্রান্ত নাবিকের মত আচরণ করছে। বিএনপি নেতৃবৃন্দ এবং তাদের মনোনিত প্রার্থীর কথাবার্তা এবং আচরণের মধ্য দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্টের প্রত্যক্ষ উসকানি পরিলক্ষিত হচ্ছে।’ ভোট রক্ষার নামে বিএনপি কেন্দ্রে কেন্দ্রে হট্টগোল করার পায়তারা করছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘আমাদের কাছে খবর আছে বিএনপি ঢাকার বাইরে থেকে প্রচুর বহিরাগতকে ঢাকায় এনে জড়ো করেছে। এদের মধ্যে দাগী আসামি, চিহ্নিত সন্ত্রাসী রয়েছে। ঢাকায় নিয়ে এসে প্রতিটি কেন্দ্রে পাঁচশর মত লোক রাখার পাঁয়তারা করছে।’

‘ভোট রক্ষার নামে তাদের এই অভিসন্ধি এটা আমরা জানতে পেরেছি। তারা এই বহিরাহগদের দিয়ে নির্বাচনী কেন্দ্রগুলোতে হট্টগোল পাকিয়ে নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। নির্বাচন বানচালের নীলনকশা বাস্তবায়নের ষড়যন্ত্র করছে।’

এ কারণেই আওয়ামী লীগ ‘সাংগঠনিকভাবে’ প্রস্তুতি নিচ্ছে মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘কেন্দ্রগুলোতে আমাদের নেতাকর্মীরা সতর্ক পাহারা দেবে, যাতে করে জনগণের ভোট রক্ষার বিষয়টি আমরা নিশ্চিত করতে পারি। আমরা চাই কেন্দ্রগুলোতে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকুক।’

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আইনপ্রয়োগকারী সংস্থা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তাদের দায়িত্ব পালন করবে। আমরাদেরও দায়িত্ব আছে, জনগণ যেন ভীতিমুক্ত পরিবেশে যাকে খুশি তাকে ভোট দিতে পারে, সে ব্যপারে সাংগঠনিকভাবে আমরাও নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দিচ্ছি।’

আগের সংবাদযেমন ছিলেন আল্লামা আযহার আলী আনোয়ার শাহ
পরবর্তি সংবাদএবার ভারতেও শনাক্ত হলো করোনা ভাইরাসের রোগী