নিলামে আল্লামা কাসেমীর মগ, ২৬ হাজারে কিনলো তারই ছাত্র

ফাতেহ ডেস্ক:

হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা নুর হুসাইন কাসেমী (রহ.)-এর শেষ জীবনে ব্যবহৃত পানি পানের একটি সাধারণ কাচের মগ ২৬ হাজার টাকায় কিনে নিয়েছে কামরুজ্জামান নামের দাওরা হাদিসে অধ্যয়নরত তাঁর এক ছাত্র।

শিক্ষাবর্ষের শেষদিকে ক্লাসের সম্মিলিত মালিকানার নানা জিনিসপত্র নিলামে বিক্রির বিশেষ সংস্কৃতি চালু আছে কওমি মাদরাসা সমূহে। সেই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে বারিধারা মাদরাসার দাওরায়ে হাদিসের ক্লাসে চলতি শিক্ষাবর্ষের নিলাম অনুষ্ঠিত হয়। রাত ১০ টা থেকে শুরু হয়ে নিলাম চলে প্রায় ২ টা পর্যন্ত।

নিলামে উল্লেখিত মগ ছাড়াও আল্লামা কাসেমী ও অন্যান্য শিক্ষকদের স্মৃতিধন্য আরো একাধিক বস্তু বিক্রি হয়। অন্য একটি মগ ৬ হাজার টাকায় কিনে নেয় আল্লামা কাসেমীর আরেক ছাত্র। পাশাপাশি আল্লামা কাসেমীর ব্যবহৃত কোলবালিশ, কাপ আর (জুস তৈরীর)ব্ল্যান্ডারও উচ্চ মূল্য ক্রয় করেন ছাত্ররা।

সাধারণ মগটি এতো টাকা দিয়ে কেনার কারণ জানতে চাইলে কামরুজ্জামান বলেন, ‘আল্লামা নুর হুসাইন কাসেমী সাহেবের ভালোবাসায় বারিধারায় এসেছিলাম। ইচ্ছে ছিলো হুজুরের হাত থেকেই দস্তারে ফজিলত (গ্রাজুয়েশন সম্মাননা) গ্রহণ করবো। কিন্তু সেই সৌভাগ্য আর হলো না। এর আগেই হুজুর আমাদের এতিম করে চলে গেলেন। হুজুরের প্রতি অব্যক্ত আবেগ-ভালোবাসা আর স্মৃতিকে ধারণ করতেই আমি এটি কিনেছি। আল্লামা কাসেমীর স্মৃতিধন্য এই মগ দেখে তাঁকে স্মরণের চেষ্টা করব।’

আগের সংবাদবিবিসির টেলিভিশন ও রেডিও সম্প্রচার নিষিদ্ধ করল চীন
পরবর্তি সংবাদএস-৪০০ কিনবেই তুরস্ক