
ফাতেহ ডেস্ক
ফেনীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনা ধামাচাপা দিতে টাকা লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ। সকালে রাজধানীতে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন বিশেষ পুলিশ সুপার। তিনি জানান, টাকার উৎস এবং জড়িতদের শনাক্ত করতে কাজ করছে তদন্ত দল। এদিকে নুসরাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে বিভিন্ন জায়গায় আজও মানববন্ধন হয়েছে।
ফেনীর সোনাগাজীতে নুসরাত হত্যার তদন্ত করছে সিআইডিসহ বেশ কয়েকটি সংস্থা। এরই মধ্যে বেশ কিছু জরুরি তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। কয়েকদিনের মধ্যে তারা সোনাগাজীতেও যাচ্ছে।
তদন্তের অংশ হিসেবে সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনসহ অভিযুক্তদের ব্যাংক হিসাবের লেনদেন খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সিআইডি। নুসরাত হত্যায় লেনদেনের বাইরে আর কোনো বিষয়ে তারা তদন্ত করছে না বলে জানায় সংস্থাটি।
এদিকে নুসরাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সামাজিক সংগঠন।
এছাড়া নুসরাত ও সাগর-রুনিসহ সকল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে নওগাঁতেও।
