নুসরাত হত্যা : দুই এসআই সাময়িক বরখাস্ত, এসপিও শাস্তির মুখে

ফাতেহ ডেস্ক

ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি যৌন নিপীড়নের ঘটনায় প্রতিবাদ করায় তাকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে পুলিশ সদর দপ্তর। সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের পর এবার সোনাগাজী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল আহম্মেদ এবং মো. ইউসুফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল শনিবার শাস্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ইকবালকে বরখাস্ত করে খাগড়াছড়ি পার্বত্য জেলায় এবং ইউসুফকে খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। ফেনীর পুলিশ সুপার (এসপি) এস এম জাহাঙ্গীর আলম সরকারকে সাময়িক বরখাস্ত করে অন্য একটি বিভাগে সংযুক্ত করার প্রক্রিয়া চলছে। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছে পুলিশ সদর দপ্তর। এর আগে গত বৃহস্পতিবার সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জের ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়। এর ফলে পুলিশ সদর দপ্তরের তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আগের সংবাদপাকিস্তান-ইরান গ্যাস পাইপলাইন প্রকল্পের কাজ স্থগিত করল পাকিস্তান
পরবর্তি সংবাদখোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর : একজন কর্মবীর আলেম