পবিত্র লাইলাতুল কদর আজ

ফাতেহ ডেস্ক

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে আজ শনিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হবে। খবর বাসস।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ শনিবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

ধর্মপ্রাণ মুসলমানের কাছে শবে কদরের রাত হাজার রাতের চেয়ে পুণ্যময়। মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, ‘হাজার রাতের চেয়েও উত্তম’পবিত্র শবে কদর সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত বরকতময় ও পুণ্যময় রজনী। পবিত্র শবে কদরের রাতে ধর্মপ্রাণ মুসলমানেরা আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত-বন্দেগি করবেন।

পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানেরা শনিবার দিবাগত রাতে মসজিদসহ বাসা-বাড়িতে ইবাদত বন্দেগিতে মশগুল থাকবেন। এ রাতে মুসলমানেরা নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ ও আখেরি মোনাজাত করবেন।

পবিত্র শবে কদর উপলক্ষে রোববার সরকারি ছুটি। এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে রাতব্যাপী ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান ও আখেরি মোনাজাতের আয়োজন করা হবে।

পবিত্র শবে কদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিও চ্যানেল বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে। এ ছাড়া সংবাদপত্রগুলোতে বিশেষ নিবন্ধ প্রকাশ করা হবে।

আগের সংবাদজামেয়া রেঙ্গার শায়খুল হাদিস আল্লামা শিহাব উদ্দীন ইন্তেকাল করেছেন
পরবর্তি সংবাদরোহিঙ্গা সংকটে ঢাকার পাশে থাকবে দিল্লি