পরিচালকের পদ থেকে অব্যাহতি নিয়ে সদরে মুহতামিম হলেন আল্লামা আহমদ শফি

রাকিবুল হাসান:

চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম হাটাহাজারী মাদরাসার মুহতামিমের পদ থেকে অব্যাহতি নিয়েছেন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি দামাত বারাকাতুহুম। তিনি অব্যাহতি নিয়ে মাদরাসা পরিচালনার সব দায়িত্ব অর্পণ করেছেন মজলিসে শূরার হাতে। মুহাতমিমের পদ থেকে অব্যাহতি নিলেও সদরে মুহতামিম হিসেবে বরিত হবেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইশার পর হাটহাজারী মাদরাসার মজলিসে শূরায় এ সিদ্ধান্ত হয়। আল্লামা আহমদ শফীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মজলিসে শূরার এই বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা শেখ আহমদ, আল্লামা নোমান ফয়জী, আল্লামা সালাউদ্দিন, আল্লামা মুফতি নুর আহমদ, মাওলানা শুয়াইব, মাওলানা ওমর ফারুক, মাওলানা কবির আহমদ, মাওলানা আহমদ দীদার, মাওলানা আশরাফ আলী নিজামপুরী প্রমুখ।

মজলিসে শূরায় তিনটি সিদ্ধান্ত হয়:

. আল্লামা আহমদ শফি দা.বা. সজ্ঞানে, স্বেচ্ছায় মুহতামিম পদ থেকে অব্যাহতি নিয়ে মাদরাসার নিজের সকল দায়িত্ব মজলিসে শূরার হাতে অর্পণ করেছেন। এবং মজলিসে শুরা আলাপ-আলোচনার মাধ্যমে শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফীকে হাটহাজারী মাদ্রাসার সদরের মুহতামিম হিসেবে নিয়োগ দান করেছেন।

. হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল ইসলাম কক্সবাজারীকে মাদরাসার সব দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

. গতকালের সিদ্ধান্তসমূহ বহাল রাখা হয়েছে।

উল্লেখ্য, এর আগে মাওলানা আনাসকে বহিষ্কার, আল্লামা আহমদ শফিকে পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি দান ও বহিষ্কৃত শিক্ষকদের পুনরায় দায়িত্বে বহাল-সহ পাঁচটি দাবিতে বুধবার জোহরের পর থেকে হাটহাজারী মাদরাসা ময়দানে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। রাতে কর্তৃপক্ষ আনাসকে অব্যাহতিসহ দুটি দাবি মেনে নিলে ছাত্ররা ছাত্রাবাসে ফিরে যায়। কিন্তু আজ সকাল ১১.১৫ মিনিটে আবারও আন্দোলনে সরব হয়ে উঠে শিক্ষার্থীরা।

ছাত্রদের আন্দোলনের প্রেক্ষিতেই মজলিসে শূরার জরুরী বৈঠক ডেকে আজকের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত শোনার পর আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেছে ছাত্ররা।

আগের সংবাদমসজিদে বিস্ফোরণ: অবৈধ গ্যাস সংযোগের লিকেজ থেকেই বিস্ফোরণ
পরবর্তি সংবাদআল্লামা আহমদ শফী হাসপাতালে ভর্তি