
আন্তর্জাতিক ডেস্ক:
গণতন্ত্র, অধিকার ও স্বাধীনতার প্রশ্নে পশ্চিমা বিশ্বের আত্মসমালোচনা করা উচিত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক ক্যাপিটল সহিংসতার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করলেন তিনি।
শনিবার ভিডিও বার্তার মাধ্যমে তুরস্কের দক্ষিণ-পূর্বে নতুন একটি সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। খবর ইয়েনি সাফাক।
ভিডিও বার্তায় এরদোগান বলেন, ‘এই উদাহরণ আমরা কয়েক মাস আগেই ফ্রান্সে দেখেছি। যুক্তরাষ্ট্রেও সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে একই ঘটনার সাক্ষী আমরা হয়েছি। সকল ঘটনাই পশ্চিমা বিশ্বকে গণতন্ত্র, অধিকার ও স্বাধীনতার বিষয়ে আন্তরিক আত্মসমালোচনার উপযোগী করে তুলেছে।’
তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘সকল ঘটনাপ্রবাহে পশ্চিমা বিশ্বের গণতন্ত্র, অধিকার ও স্বাধীনতার প্রশ্নে নিজের সমালোচনা করার প্রয়োজন হয়ে পড়েছে। যদি এই আত্মসমালোচনা করা না হয় এবং ন্যায়ের প্রশ্নে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ অতীতে আমাদের দেখা অন্যায়ের মতোই হয়, তবে এর অর্থ হচ্ছে বিশ্ব নতুন এক চৌরাস্তায় এসে পৌঁছেছে।’
গত সপ্তাহের বুধবার নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জো বাইডেনের জয়কে অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে অধিবেশন শুরু হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল ভবনে ঢুকে সহিংসতা চালায়। এই সহিংসতায় অন্তত পাঁচজন নিহত হন।
