
ফাতেহ ডেস্ক
টাঙ্গাইলে বহুল আলোচিত পাকিস্তানি কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি আল আমীন ও তার ভাই সুমনের চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৪ এপ্রিল) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোপালপুর আমলি আদালতের বিচারক রুপম কুমার দাস এই রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে আসামি আল আমিনের মার জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার (২৩ এপ্রিল) কুড়িগ্রাম থেকে আল আমিনকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। এরপর বুধবার ওই আসামিকে টাঙ্গাইল কোর্ট হাজতে প্রেরণ করেন মামলার তদন্ত কর্মকর্তা।
এদিকে গতকাল বিকেলে ধর্ষণের শিকার ওই কিশোরীর দোভাষীর মাধ্যমে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন মাহবুব এর কাছে ২২ ধারার জবানবন্দী প্রদান করেন। বর্তমানে ওই কিশোরী টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা গোপালপুর থানার এসআই সাদেকুর রহমান জানান, আদালতে আসামি আল আমিন ও তার ভাইয়ের সাত দিনের রিমান্ড চাওয়া হয়। পরে আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, পাকিস্তান থেকে মায়ের সাথে টাঙ্গাইলের গোপালপুরে বাবার বাড়িতে বেড়াতে এসে চাচাতো ভাই আল আমীন কর্তৃক অপহরণ ও ধর্ষণের শিকার হয় ওই কিশোরী। পরে তার মা বাদী হয়ে তিন জনকে আসামি করে ১৭ এপ্রিল মামলা দায়ের করে।
এরপর পুলিশ আল আমিনের মাকে গ্রেফতার করে। পরদিন তার দেয়া তথ্যমতে জামালপুরের সরিষাবাড়ির মহিষাকান্দি গ্রাম থেকে কিশোরীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে পুলিশ।
