পাকিস্তানের দিকে যারা কুদৃষ্টি দেবে, তাদের চোখ উপড়ে ফেলার হুঁশিয়ারি দিলেন পাকিস্তান জমিয়তের আমির

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের অস্তিত্ব রক্ষার্থে পাকিস্তানের সমস্ত নাগরিক সেনাবাহিনীর সঙ্গে রয়েছে। পাকিস্তানের দিকে যারা কুদৃষ্টি দেবে, তাদের চোখ উপড়ে ফেলা হবে। ভারতকে হুঁশিয়ারি দিয়ে কথাগুলো বলেছেন পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের আমির ও মজলিসে মুত্তাহাদা আমেলার প্রধান মাওলানা ফজলুর রহমান।

ওআইসির বৈঠকে ভারতকে আমন্ত্রণ জানানো ইসলামিক দেশগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের প্রভাবশালী এ ধর্মীয় রাজনীতিবিদ।

বৃহস্পতিবার খতমে নবুওয়াত মার্চে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। এ সময় ইমরান খান সরকারের কড়া সমালোচনাও করেন তিনি। বলেন, অশান্ত পাকিস্তানে শান্তির জন্য নতুন করে নির্বাচন প্রয়োজন। যদি দেশে স্থিতিশীলতা চান, তাহলে নতুন করে নির্বাচন দিতে হবে। আর এ নির্বাচনেও যদি ভোট চুরি করা হয়, তাহলে জনগণই তা প্রতিহত করবে।

কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে অভিযোগ করে মাওলানা ফজলুর রহমান আরও বলেন, যুক্তরাজ্য থেকে কাদিয়ানি নেতারা এসে সরকারি প্রটোকল পায়, এবং রাষ্ট্রের দায়িত্বশীলদের সঙ্গে গুরুত্বপূর্ণ মিটিং করে। কাদিয়ানিদের বিরুদ্ধে যদি আইনগত ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আমরা কঠিনভাবে তাদের প্রতিহত করব।

পাকিস্তানের গুরুত্বপূর্ণ এ নেতা বিগত প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে তৃতীয় হয়েছিলেন। অবশ্য নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে ফল প্রত্যাখ্যান করেছেন ধর্মীয় দলগুলোর সম্মিলিত জোট মজলিসে মুত্তাহাদা আমেলা।

এইচআর/

আগের সংবাদচলছে হেফাজতের দুদিন ব্যাপী শানে রেসালত সম্মেলন, নাস্তিক-মুরতাদ ও কাদিয়ানিদের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকার আহ্বান বক্তাদের
পরবর্তি সংবাদভারতে জামায়াতে ইসলামী নিষিদ্ধ ঘোষিত