আন্তর্জাতিক ডেস্ক :
বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এবার এক পুলিশ কর্মকর্তার সাম্প্রদায়িক মন্তব্য ভাইরাল হয়েছে। শুক্রবার উত্তরপ্রদেশের মীরাটের একটি মুসলিম প্রধান এলাকায় গিয়ে অত্যন্ত সাম্প্রদায়িক মন্তব্য করতে শোনা যায় এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে। খবর এনডিটিভি।
খবরে বলা হয়, এনডিটিভির হাতে আসা একটি মোবাইল ফোনের ভিডিওতে মীরাটের পুলিশ সুপার অখিলেশ নারায়ণ সিং তথা জেলা পুলিশের দ্বিতীয় কমান্ডকে রায়ট গিয়ার পরে সরু গলিতে হাঁটতে দেখা যায়। রায়ট গিয়ার পরা আরও কয়েকজন পুলিশকেও তার সঙ্গে হাঁটতে দেখা যায়। অখিলেশ নারায়ণ সিং এমন জায়গায় থামেন, যেখানে টুপি পরা কয়েকজন মুসলিম দাঁড়িয়ে ছিলেন। দুটি মিনিটের কম ওই ভিডিওতে অখিলেশকে পাশেই দাঁড়িয়ে থাকা দুজনের উদ্দেশে বলতে শোনা যায়, ‘কাঁহা যাওগে? ইস গলি কো ম্যায় ঠিক করুঙ্গা।’
জবাবে মুসলিমদের একজনকে বলতে শোনা যায়, ‘আমরা কেবল আমাদের নামাজ পড়ছিলাম।’
তখন অখিলেশ বলেন, ‘সে ঠিক আছে। না হলে আপনাদের যারা কালো আর নীল ব্যাজ পরে আছেন, তাদের পাকিস্তানে চলে যেতে বলুন।’
ভিডিওতে দেখা যায় অখিলেশ সিং এবং অন্যান্য পুলিশ সদস্যরা এরপর এগিয়ে যেতে শুরু করেন। বেশ ক্ষুব্ধ দৃষ্টিতেই ওই কর্মকর্তা কমপক্ষে তিনবার ওই মুসলিমদের কাছে ফিরে এসে বলেন, এক এক ঘরকে এক এক আদমি কো জেল মে ভর দুঙ্গা ম্যায় (ঘরে ঘরে গিয়ে সবাইকে আমি জেলে ঢুকিয়ে দেব)।’
একেবারে শেষে তাকে বলতে শোনা যায়, ‘আমি সবাইকে শেষ করে দেব।’
উল্লেখ্য, এদিকে ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ করায় নরওয়ের এক পর্যটককে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কেরালা কর্তৃপক্ষ। এরআগে জার্মানের এক শিক্ষার্থীকেও ভারত থেকে বের করে দেয়া হয়।
