
ফাতেহ ডেস্ক
পাকিস্তানের জলসীমায় একটি ভারতীয় সাবমেরিন ঢোকার অভিযোগ করে তা রুখে দেওয়ার দাবি করেছে ইসলামাবাদ, কিন্তু এ অভিযোগ ও দাবি অস্বীকার করেছে নয়া দিল্লি।
আজ মঙ্গলবার সকালে পাকিস্তান একটি ভিডিও প্রকাশ করে দাবি করে যে, ভারতীয় সাবমেরিন তাদের জলসীমায় প্রবেশ করলে নৌবাহিনী তা রুখে দেয়। এর কয়েক ঘণ্টা পর এক বিবৃতি দিয়ে ওই দাবি প্রত্যাখ্যান করেছে নয়া দিল্লি।
ভারতীয় গণমাধ্যমে ওই বিবৃতির বরাত দিয়ে বলা হয়েছে, পুরোটাই পাকিস্তানের ‘সাজানো’পরিকল্পনার অংশ। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে এও দাবি করা হয়েছে, ওই ভিডিওটি ২০১৬ সালের।
প্রসঙ্গত, মঙ্গলবার পাক তথ্য মন্ত্রণালয় টুইটারে দাবি করে, পাক জলসীমায় একটি সাবমেরিন ঢুকে পড়ার চেষ্টা করে এবং পাক নৌসেনা তা রুখে দিয়েছে। পাক সরকারের প্রকাশ করা একটি ভিডিও দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানোও হয়। তাতে একটি সাবমেরিনের ওপরের অংশ দেখা যায়।
এর পরই বিকেলের দিকে একটি বিবৃতি জারি করে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) প্রতিরক্ষা বিভাগ। ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘গত কয়েক দিন ধরেই পাকিস্তান নিজেদের স্বার্থসিদ্ধি করতে ভুল ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে। ভারত এই ধরনের কোনো কার্যকলাপ স্বীকার করে না। আমাদের নৌসেনা মোতায়েন অপরিবর্তিত রয়েছে।’
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় আত্মঘাতী হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। ওই হামলায় ৪৪ ভারতীয় সেনা নিহত হয়।
