পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর টহল দলের ওপর পাহাড়ি জঙ্গিদের ফের হামলা, নিহত ১

ফাতেহ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেকে সেনাবাহিনীর টহলে ফের হামলা চালিয়েছে উগ্র পাহাড়ি জঙ্গিরা। এ সময় সেনাবাহিনীর পাল্টা গুলিতে সুমন চাকমা ওরফে কসাই চাকমা নামে এক জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে বাঘাইছড়ির সাজেক থানাধীন সীমানাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) জঙ্গি গ্রুপের সদস্য এবং দেড় বছর আগে জঙ্গি হামলায় নিহত রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যা মামলার আসামি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ছুফিউল্লাহ জানান, শুক্রবার সকাল ১০টার দিকে সীমানাছড়া এলাকার উজোবাজারে দুই দল পাহাড়ি জঙ্গির মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল ওই এলাকায় যায়। এ সময় জঙ্গিরা সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণ করে। একটি গুলিতে গাড়ির কাঁচ এবং আরেকটি গুলিতে গাড়ির বডি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় সেনা সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে জঙ্গিরা পালিয়ে যায়। পরে সেখানে সুমন চাকমা ওরফে কসাই সুমন নামে এক জঙ্গির মরদেহ পাওয়া যায়।

এ বিষয়ে উগ্র পাহাড়ি সংগঠন ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, নিহত সুমন আমাদের সাবেক কর্মী।

সাজেক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাফিল মজুমদার জানান, নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এর আগে গত ১৮ আগস্ট (রোববার) রাঙ্গামাটির আরেক উপজেলা রাজস্থলীর গাইন্দ্যা ইউনিয়নের পোয়াইথুপাড়া এলাকায় সেনাবাহিনীর টহলে পাহাড়ি জঙ্গিদের হামলায় এক সেনা সদস্য নিহত হন। আহত হন আরও দুইজন।

আগের সংবাদবিএসএফের গুলিতে আহত ৫ বাংলাদেশি
পরবর্তি সংবাদকুমিল্লায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই কিশোর-কিশোরীর