পালাগানের আসরে ইসলাম ও নবিজিকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য, বাউলশিল্পী গ্রেপ্তার

পালাগানের আসরে ইসলাম ও নবিজিকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য, বাউলশিল্পী গ্রেপ্তার

ফাতেহ ডেস্ক:

পয়গাম্বর হযরত দাউদ আ. ও মহানবী হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামকে নিয়ে বানোয়াট ও বিভ্রান্তিকর বক্তব্য দেয়ায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার এক বাউলশিল্পীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বাউলশিল্পীর নাম বয়াতি শরিয়ত সরকার (৩৫)। সে মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্যা গ্রামের পবন মিয়ার ছেলে। শনিবার (১১ জানুয়ারি) সকালে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বাশিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বয়াতি শরিয়ত সরকার গত ২৪ ডিসেম্বর ঢাকা জেলার ধামরাই উপজেলার রৌহাট্রেকে হেলাল শাহ’র ১০ম বাৎসরিক ‘মিলন মেলা’য় পালা গানের অনুষ্ঠানে গান পরিবেশন করে। এসময় সে দাবি করে, গান বাজনা হারাম এ কথা কোরআনে কোথাও লেখা নেই। এ ছাড়া সে বলে, হজরত দাউদ আ. কোনো নবী না, তিনি বয়াতি ছিলেন। রাসুল সা. গান না শুনে নাকি রাতে ঘুমাতেন না।

ওই অনুষ্ঠানে সে আরও দাবি করে, নবীজি সা. আবু মুসা আশয়ারী রা.-কে ২৩ রকমের গানের বাদ্যযন্ত্র হাদিয়া প্রদান করেছেন। ওইসব বাদ্যযন্ত্র নাকি দাউদ নবীজির ছিল।

এ ছাড়া মসজিদের ইমাম ও ইসলাম ধর্ম নিয়েও ভুল ব্যাখ্যা দেয় সে।

পালাগানের ওই আসরে সে আরও বলে, যারা নামাজ পড়ে সেজদা দিয়ে কপালে কালো দাগ করে, তাদের কপাল থেকে ১১৩টি কিরা (এক ধরনের পোকা) বের হয়।

তার পালাগানের ওই বক্তব্য পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে ভাইরাল হয়। গত ৯ জানুয়ারি উপজেলার আগধল্যা গ্রামের শওকত আলীর ছেলে মাওলানা মো. ফরিদুল ইসলাম বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মিজানুর রহমান তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আজ সকালে শরিয়ত বয়াতিকে গ্রেফতারের পর বিকেলে ১০ দিনের রিমান্ড চেয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসলাম তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান বলেন, শরিয়ত বয়াতির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আদালত তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

আগের সংবাদক্রিকেট ও ভারতীয় টিভি সিরিয়াল দেখা নিয়ে স্বামী-স্ত্রীর কলহের জেরে স্ত্রীর আত্মহত্যা
পরবর্তি সংবাদহবিগঞ্জে যৌতুকের বাড়তি টাকা দিতে না পারায় স্ত্রীকে অমানুষিক নির্যাতন স্বামীর