‘পাসপোর্টে পরিবর্তন এলেও ইজরাইল নীতি পরিবর্তন করেনি বাংলাদেশ’

ফাতেহ ডেস্ক:

বাংলাদেশি পাসপোর্টে ‘ইজরাইল ছাড়া বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ’ কথাটি আর লেখা থাকছে না। পাসপোর্ট অধিদফতরের কর্মকর্তারা বলছেন, সরকারের সিদ্ধান্তেই নতুন ই-পাসপোর্ট থেকে ইজরাইলের প্রসঙ্গটি বাদ দেওয়া হয়েছে। এখন থেকে লেখা থাকবে–’এই পাসপোর্ট বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ’। তবে বিষয়টি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণার মধ্য দিয়ে জানানো হয়নি।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন রোববার গণমাধ্যমকে বলেন, পাসপোর্টে পরিবর্তন এলেও বাংলাদেশ তার ইজরাইল নীতি পরিবর্তন করেনি।

তিনি আরও বলেন, নতুন পাসপোর্টে ’ইজরাইল ব্যতীত’ (except Israel) না লেখার অর্থ এই নয় যে, বাংলাদেশ তার অবস্থান পরিবর্তন করেছে। বাংলাদেশ এখনও ইজরাইলকে স্বীকৃতি দেয় নি।

প্রসঙ্গত, বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টে এক সময় লেখা থাকত- ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সসেপ্ট ইসরাইল, তাইওয়ান অ্যান্ড দ্য রিপাবলিক অব সাউথ আফ্রিকা’ কথাটি।

পরে দক্ষিণ আফ্রিকা ও তাইওয়ানের নামটি ওই নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ গেলেও ইজরাইল থেকে যায়। কয়েক বছর আগে হাতে লেখা পাসপোর্ট থেকে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) চালুর পরও আগের মতো প্রথম পৃষ্ঠায়ই লেখাটি ছিল।

বর্তমানে ই পাসপোর্টে পরিবর্তন আনা হয়েছে। এতে লেখা হচ্ছে শুধু- ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’।

আগের সংবাদদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৩৫৪, মৃত্যু ২৮
পরবর্তি সংবাদ‘চিকিৎসার অভাবে মাওলানা ইকবাল হোসাইন শাহাদাত বরণ করেছেন’