
ফাতেহ ডেস্ক
অভিযানের মুখে পুরান ঢাকার কেমিক্যাল সারা শহরে ছড়িয়ে পড়ছে, এতে পুরো রাজধানী বোমায় পরিণত হতে পারে বলে সতর্ক করেছেন র্যাব মহাপরিচলক বেনজীর আহমেদ।
মজুদের জায়গা না পেয়ে ব্যবসায়ীরা ঢাকার নানা আবাসিক এলাকায় এসব রাখছেন বলেও জানান তিনি। গতকাল রাজধানীর বকশীবাজারে কারা কনভেনশন হলে র্যাবের মতবিনিময় সভায় এসব কথা জানান বেনজীর।
রাসায়নিকের কারণেই নিমতলী ও চুড়িহাট্টার আগুনে পুড়ে মারা যায় দুশ ৩ জন। এর জেরে পুরান ঢাকা থেকে কেমিক্যালের গুদাম উচ্ছেদে শুরু হয় জোর অভিযান।
তবে এতে নতুন বিপদের শঙ্কা করছেন র্যাব মহাপরিচালক। তিনি বলছেন, অভিযানের কারণে পুরান ঢাকার কেমিক্যাল রাজধানীর বিভিন্ন জায়গায় মজুদ করছেন ব্যবসায়ীরা।
এতে পুরো নগরী টাইম বোমায় পরিণত হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। সংকটের দ্রুত সমাধানে শিল্প মন্ত্রণালয়ের প্রতি পরামর্শও আছে র্যাব মহাপরিচালকের।
র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, উজালা ম্যাচ ফ্যাক্টরি এবং ঢাকা ম্যাচ ফ্যাক্টরির জমি ভাড়া দিলে এই সমস্যার সমাধান হবে। পরে প্রয়োজনীয় জমি নিয়ে কেমিকেলের জন্য নিরাপদ এলাকা গড়ে তুলুন।
তবে কোনোভাবেই পুরান ঢাকায় অভিযান বন্ধ হবে না বলেও সতর্ক করেছেন বেনজীর আহমেদ।
