
ফাতেহ ডেস্ক:
করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকার ঘোষিত বিভিন্ন প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে বিদেশ থেকে ২ হাজার ১২৫ কোটি টাকার (২৫ কোটি মার্কিন ডলার) ঋণ নিচ্ছে সরকার। পাশাপাশি বিদ্যুৎ-রেলসহ আরও চার খাতের জন্যও ঋণ নেয়া হচ্ছে। এতে বিদেশি ঋণের পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ৪৬ হাজার কোটি টাকা। বৈদেশিক মুদ্রায় এই ঋণের অঙ্ক ৫৪০ কোটি মার্কিন ডলার।
ঋণ দিচ্ছে চীনের এক্সপোর্ট-ইম্পোর্ট ব্যাংক, দি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কর্মাশিয়াল ব্যাংক, চায়না ডেভেলমেন্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) ও সুমিটোমো মিতশু ব্যাংকিং কর্পোরেশন (এসএমবিসি)। সম্প্রতি অর্থমন্ত্রীর সভাপতিত্বে ‘অনমনীয় ঋণ সংক্রান্ত স্থায়ী কমিটির (এসসিএনসিএল)’ সভায় পৃথক ঋণের প্রস্তাবগুলো অনুমোদন দেয়া হয়।
করোনাভাইরাসজনিত ব্যয় মেটাতে ২৫ কোটি মার্কিন ডলার, রেলের কেনাকাটার জন্য ২৮ কোটি ডলার, বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নের জন্য ২৫৪ কোটি ডলার, পটুয়াখালীতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ১৫৫ কোটি মার্কিন ডলার ও তাপবিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নে ৭৮ কোটি মার্কিন ডলার ঋণ নিচ্ছে সরকার। ঋণ প্রস্তাব অনুমোদনের আগে ব্যাংকগুলোর সঙ্গে নেগোসিয়েশনের মাধ্যমে বিভিন্ন খাতে অতিরিক্ত ফি বাবদ সাড়ে তিনশ’ কোটি টাকার (৪ কোটি ১০ লাখ ডলার) ব্যয় কমানো হয়েছে।
এসসিএনসিএল’র কার্যবিবরণী সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতিতে সরকার বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এসব প্যাকেজের আওতায় নেয়া কার্যক্রম বাস্তবায়নের জন্য ২ হাজার ১২৫ কোটি টাকার ঋণ নেবে সরকার। এর মেয়াদ ১৫ বছর।
