প্রতিদিন সারা দেশের সড়ক-মহাসড়কে লাশ হচ্ছে কমপক্ষে ৬৪ টি তাজা প্রাণ, পরিকল্পিত হত্যাকাণ্ড

সম্প্রতি পরিবহন নৈরাজ্যের কবলে পড়ে সমপ্রতি সরকারী তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন নিহতের ঘটনায় সারাদেশ কেঁদে ওঠেছে। প্রতিদিন সারা দেশের সড়ক-মহাসড়কে লাশ হচ্ছে কমপক্ষে ৬৪ টি তাজা প্রাণ। প্রতিদিন আহত ও পঙ্গুত্ববরণকারীদের তালিকায় যুক্ত হচ্ছে দেড়শ’র বেশি বনি আদম।

সারা দেশে গণপরিবহনে নৈরাজ্য চলছে। এক বাসের সঙ্গে অন্য বাসের রেষারেষি ও বেপরোয়া চলাচলের কারণে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে যাত্রীরা। রাজধানীতে ৮৭ শতাংশ বাস-মিনিবাস ট্রাফিক আইন লঙ্ঘন করে বেপরোয়া চলাচল করে, ফলে এসব বাসে দুর্ঘটনায় কারও হাত, কারও পা, কারও মাথা বা কারও জীবনও চলে যায়। বিআরটিএ ও পুলিশের ট্রাফিক বিভাগ সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠার পরিবর্তে জরিমানা আদায়ে ব্যস্ত ট্রাফিক পুলিশ। এছাড়াও পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠার পরিবর্তে চাঁদাবাজি, টোকেন বাজি, জরিমানা আদায় ও অর্থ আত্মসাতের মহা উৎসবে মেতে উঠেছে।

রাস্তায় কার আগে কে যাবে, কে বেশি যাত্রী তুলবে-এমন প্রতিযোগিতায় বেপরোয়া হয়ে ওঠে রাজধানীর পরিবহন চালকরা। তীব্র যানজট থাকার পরও এমন প্রতিযোগিতা দেখা যায় বিভিন্ন রুটে একই প্রতিষ্ঠান কিংবা ভিন্ন প্রতিষ্ঠানের পরিবহনের মধ্যে। রাস্তায় বাসে বাসে পাল্লাপাল্লি ও রেষারেষি হচ্ছে, প্রাণ হারাচ্ছে মানুষ। যার সর্বশেষ শিকার কলেজছাত্র রাজীব হোসেন।

 

এর পেছনে কি কারণ বেশী কাজ করে? জানা যায়, রাজধানী ও এর আশপাশে দুই পদ্ধতিতে বাস চলে। প্রথমত, মালিক সরাসরি চালক-শ্রমিককে দৈনিক ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণে বেতন দেন। দ্বিতয়ত, মালিক নির্দিষ্ট টাকার বিনিময়ে চালক-শ্রমিকের কাছে বাস ভাড়া দিয়ে দেন।

 

সদরঘাট থেকে গুলিস্তান, ফার্মগেট হয়ে মিরপুর, পল্লবী ও কালশী রুটের ইউনাইটেড পরিবহনের চালক আলমগীর বলেন, ঢাকার রাস্তায় অধিকাংশ গাড়ি চলে ট্রিপভিত্তিক মজুরিতে। দিনে তিনটির বেশি ট্রিপ দেয়া যায় না। তাতে যা আয় হয় তা দিয়ে ভালোভাবে সংসার চলে না। তাই সব চালকরা চায়, একটা বাড়তি ট্রিপ দিতে। আর এজন্য বেশি যাত্রী উঠাতে আগের গাড়ি পিছে ফেলার ভাবনায় গতি বাড়িয়ে গাড়ি চালায়। এতে সামনের গাড়িও পিছে পড়ার ভয়ে আগে যাওয়ার জন্য গতি বাড়িয়ে দেন। আর তাতেই ঘটছে দুর্ঘটনা।

 

জানা গেছে, রাজধানীতে ৪২টি কোম্পানির বাসের চালক, সহকারী ও কন্ডাক্টরদের বেতন দেওয়া হয় দৈনিক ট্রিপ ভিত্তিতে। এতে বেশি ট্রিপ দিয়ে বেশি আয়ের আশায় চালকরা নিয়ম নিতীর তোয়াক্কা করেন না। যেখানে সেখানে যাত্রী উঠান ও নামান। বাস থামার স্থানে বাস না থামিয়ে পুরো রোডের স্থানে স্থানে বাস থামিয়ে যাত্রী তোলা হয়।

 

যাত্রীরা বলছেন, চালকরা বাস বোঝাই করার নেশায় বেপরোয়া হয়ে ওঠে। স্টপেজে আসার আগেই পথে পথে যাত্রী তুলে বোঝাই করে ফেলে। চালকদের এমন আচরণে রাস্তায় বের হয়ে নিরাপদে বাসায় ফেরাটাই এখন চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে।

 

গাড়ি চালক এবং সহকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের বেশিরভাগ ঘুমান গাড়ির আসনে। রাতে চার থেকে পাঁচ ঘন্টার বেশি ঘুমাতে পারেন না। ভোর ৫টার মধ্যে গাড়ি নিয়ে রাস্তায় বের হতে হয়। আবার রাতে ঘুমাতে যেতে যেতে রাত ১ টা পাড় হয়ে যায়। এভাবে বিশ্রাম না নিয়ে, নির্ঘুম কাটিয়ে আয় করা বাড়তি টাকার পুরোটা অবশ্য তারা ঘরে নিতে পারেন না। মালিক ছাড়াও এর ভাগ দিতে হয় পুলিশ ও পরিবহন মালিক-শ্রমিক নেতাদের।

 

জানা গেছে, দূরপাল্লার হাতে গোনা কয়েকটি বাস কোম্পানি মাসিক ভিত্তিতে চালকদের নিয়োগ দিয়ে থাকে। বেসরকারি হিসাবে, ৯৫ শতাংশ মালিকই নিয়োগপত্র দিচ্ছেন না, এমনকি খোরাকিও না। চালকদের উল্টো ট্রিপনির্ভর করে তুলছেন গাড়ি চালনায়। এতে কম সময়ে বেশি ট্রিপ দিতে তারা বেশি গতিতে ও ওভারটেক করে গাড়ি চালাচ্ছেন।

 

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ ইত্তেফাককে বলেন, আমাদের যেখানে চালক স্বল্পতা আছে, সেখানে নিয়োগপত্র দিলে চালক পাওয়া যাবে না। রাজধানীতে ৫০ শতাংশ রোডে চুক্তিভিত্তিক গাড়ি চলে। চালকরাই বেশি মুনাফার নেশায় চুক্তিতে নেন। অন্যদিকে রাজধানীর সব রাস্তায় কাউন্টার, টিকেট পদ্ধতির পরিবেশ তৈরি না হওয়ায় মালিকরা একটা নির্দিষ্ট হিসেব ধরে চুক্তিতে চালকদের গাড়ি দেন।

তিনি আরো বলেন, ‘বেশি মুনফার আশায় অদক্ষ চালকরা পাড়াপাড়ি করে। আমরা পরিবহন মালিকদের সাথে মিটিং করে বলেছি, যেসব চালক এ ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে যদি কোন গাড়ি বার বার দুর্ঘটনা ঘটায় তাহলে ওই কোম্পানীর লাইসেন্স বাতিল হবে।

বুয়েটের অধ্যাপক ড. মাহবুব আলম তালুকদার বলেন, মাদকের হাত থেকে পরিবহন সেক্টরকে রক্ষা করা না গেলে দুর্ঘটনায় প্রাণহানী ও ক্ষয়ক্ষতি আরো বাড়তে থাকবে। তিনি অনতিবিলম্বে নৈরাজ্য বন্ধে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিষ্টার জ্যোর্তিময় বড়ুয়া বলেন, আইন না মানার প্রবণতাকে সড়কে নৈরাজ্য ও অব্যবস্থাপনার জন্য দায়ী করেন। যারা নিহত হন শুধু তারাই মারা যান না পুরো ঐ পরিবারটি মারা যান। কেননা ঐ পরিবারের পরিচালক যখন মারা যায় তখন পরিবারটি আর অসহায় হয়ে পড়ে।

বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, এ সব দুর্ঘটনাকে দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলতে চাই। কেন না, আমাদের সড়কের সমস্ত অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিবেশে আমাদের যাতায়াতে বাধ্য করা হচ্ছে। নগরীর প্রতিটি বাস মিনিবাসের ব্যবসা মূলত চালকরা নিয়ন্ত্রণ করছে।

আগের সংবাদতারেক রহমানকে ফৌজদারী অপরাধের দায়ে বিচারের মুখোমুখি হতে হবেঃ প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদখালেদা জিয়া অসুস্থ হাজির হননি আদালতে, পরবর্তী শুনানি ১৪ মে