
আন্তর্জাতিক ডেস্ক
‘রেড টিম’ নামের একটি বাহিনী তৈরি করতে যাচ্ছে ফরাসি সেনাবাহিনী। এই বাহিনীতে নিয়োগ দেয়া হবে বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখকদের। যাদের কাজ হবে ভবিষ্যতে হুমকি হতে পারে, এমন নানা বিষয় কল্পনা করে বের করা।
ডিফেন্স ইনোভেশন এজেন্সি (ডিআইএ) নতুন একটি প্রতিবেদনে বলেছে, এই লেখকদের প্রধান কাজ– ভবিষ্যতের সম্ভাব্য ঝুঁকি কল্পনা করে বের করে সামরিক কৌশল ঠিক করা, যা হয়তো এখনো কেউ চিন্তা করেনি। এই দলের কর্মকাণ্ড হবে অত্যন্ত গোপনীয়। প্রতিরক্ষায় ফরাসিদের নতুন ধরণের কলাকৌশল উদ্ভাবনের অংশ হিসাবে এসব পদক্ষেপ নেয়া হয়েছে।
এই ‘রেড টিমের’ মধ্যে থাকবেন চার থেকে পাঁচজন বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক। এই লেখকদের কাজ হবে প্রচলিত সেনাবাহিনীর চিন্তাভাবনার বাইরে গিয়ে ব্যতিক্রমী চিন্তাভাবনা করা। এসব কৌশলের মধ্যে তাদের ভেবে বের করতে হবে যে, সন্ত্রাসী সংগঠনগুলো এবং বিদেশী রাষ্ট্রগুলো কিভাবে নতুন ধরণের আধুনিক অস্ত্র বা প্রযুক্তি ব্যবহার করতে পারে। সেসব মোকাবেলার পরিকল্পনাও তাদের তৈরি করতে হবে।
ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি বলেছেন, সামরিক উদ্ভাবনের সম্ভাব্য প্রতিযোগিতার ক্ষেত্রে ‘সবরকম উপায়’ হাতে রাখতে চায়।
উল্লেখ্য, বর্তমানে ব্যবহৃত অনেক সামরিক সরঞ্জাম আবিষ্কারের বহু বহু আগে বৈজ্ঞানিক কল্পকাহিনীর লেখকরা বর্ণনা করে গিয়েছিলেন। তার অনেক পরে সেসবের আবিষ্কার হয়েছে। যেমন পারমাণবিক বোমা। এইচ জি ওয়েলস ১৯১৪ সালে লেখা উপন্যাস ‘দি ওয়ার্ল্ড সেট ফ্রি’ আণবিক বোমার বর্ণনা করেছিলেন, যা প্রায় ত্রিশ বছর পরে আবিষ্কৃত হয়েছে। জুলভার্নের উপন্যাসে সাবমেরিনসহ এমন অনেক কল্পিত যানবাহনের বর্ণনা রয়েছে, যা সেই সময়ে ছিল না। কিন্তু পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে।
