
আন্তর্জাতিক ডেস্ক:
শপথ নেয়ার কয়েক ঘণ্টার মাঝেই একগুচ্ছ নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। এসব আদেশের মাঝে মুসলিমদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়াসহ মোট ১৫টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।
ট্রাম্পের দেয়া এই নিষেধাজ্ঞা মূলত মুসলিম নিষেধাজ্ঞা নামেই পরিচিত ছিল। এর ফলে নিষিদ্ধ হয়ে পড়া মুসলিম দেশগুলোর নাগরিকরা এখন আমেরিকার ভিসার জন্য আবারও আবেদন করতে পারবেন।
বাইডেনের এসব পদক্ষেপ আমেরিকাকে আবারও ‘বিশ্ব মোড়লের’ স্থানে ফিরিয়ে নেবে বলে সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণে বলা হচ্ছে।
শপথ নেয়ার অনুষ্ঠানেই বাইডেন বলেছেন, ‘বিশ্ববাসী আমাদের সবাইকে আজ দেখছে। আমেরিকা পরীক্ষার মধ্য দিয়ে গেছে। এবং আমরা আরও শক্তিশালী হয়ে সেখান থেকে বেরিয়ে এসেছি। আমরা আমাদের চুক্তিগুলোতে আবারও ফিরে যাব এবং বিশ্বের সাথে আবারও সংযুক্ত হবো।’
