
ফাতেহ ডেস্ক
আজ বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশের ১০টি শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৭৩.৯৩ শতাংশ। এবং জিপিএ-৫ পেয়েছে মোট ৪৭,২৮৬ শিক্ষার্থী। গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ।
তবে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশের ১০টি বোর্ডের মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার বেশি। সারাদেশে মোট পাসের হার যেখানে ৭৩.৯৩ শতাংশ, সেখানে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮.৫৬ শতাংশ। এই বোর্ডে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ২৪৩ জন শিক্ষার্থী।
অন্যদিকে, কারিগরি বোর্ডে পাসের হার ৮২.৬২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৩৬ জন। অন্যদিকে, ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৭১.৮৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৪১ হাজার ৮০৭ জন।
ফলাফলের অনুলিপি হস্তান্তরের সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। এরপর বেলা একটা থেকে পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার ফলাফল জানতে পারবেন।
আরএইচ/
