আন্তর্জাতিক ডেস্ক :
৬ বছর আগে মৃত এক ব্যক্তিকে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভকারী ভেবে নোটিশ পাঠিয়েছে যোগীর রাজ্যের পুলিশ। মৃত ব্যক্তির নাম বানে খান। ভারতীয় দৈনিক আজকাল এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে গত দু’সপ্তাহ ধরেই বিক্ষোভ চলছে উত্তরপ্রদেশে। বিক্ষোভকারীদের মধ্যে অন্তত ২১ জন মারা গেছেন। আহত হয়েছেন অনেকে। উত্তপ্ত উত্তরপ্রদেশকে শান্ত করার জন্য অন্তত ২০০ জনকে নোটিশ পাঠানো হয়েছে। বলা হয়েছে, কোনওরকম হিংসাত্মক কাজকর্ম যেন না করা হয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারপরেই এই নোটিশ পাঠায় উত্তরপ্রদেশ পুলিশ।
খবরে আরও বলা হয়েছে, নোটিশ পাঠানো হয়েছে বানে খানকে। যিনি ৬ বছর আগে মারা গেছেন। শুধু তাই নয়, নোটিশ পাঠানো হয়েছে ৯০ এর ফাসাহাত মির খান ও ৯৩ বছরের সুফি আনসার হুসেনকে। প্রথমজন কয়েকমাস ধরে শয্যাশায়ী। দ্বিতীয়জন সদ্য দিল্লি হাসপাতালে চিকিৎসা করিয়ে বাড়ি ফিরেছেন। ফাসাহাত মির খান ফিরোজাবাদে একটি কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। আর হুসেন স্থানীয় মসজিদের রক্ষণাবেক্ষণ করতেন। তাও প্রায় দীর্ঘদিন আগে। দু’জনেই শান্তিরক্ষা কমিটির সদস্য ছিলেন। আর বানে খান তো মারা গেছেন। তিনজনকেই নোটিশ পাঠিয়ে বলা হয়েছে ১০ লাখ টাকার বিনিময়ে আগাম জামিনের ব্যবস্থা করতে।
এদিকে উত্তরপ্রদেশ সরকার নিজেদের ভুল বুঝতে পেরেছে এবং ভুল সংশোধনের প্রতিশ্রুতিও দিয়েছে।
