
ফাতেহ ডেস্ক
২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৫টি মৌলিক চাহিদার ৩টির বিপরীতেই কোনো না কোনোভাবে কর বাড়ানো হয়েছে। রাজস্ব আয় বাড়াতে নেয়া এসব পদক্ষেপ মধ্যবিত্তদের চাপে ফেলবে বলে মন্তব্য করছেন অর্থনীতিবিদরা।
তাঁরা বলছেন বরাদ্দের ক্ষেত্রে মধ্যবিত্তকে গুরুত্ব দেয়া হয়নি। এতে প্রায় ৪ কোটি মানুষের জীবনযাত্রার খরচ অনেকাংশেই বাড়িয়ে দেবে।
সুনির্দিষ্টভাবে এবারের বাজেটের যেসব উদ্যোগ মধ্যবিত্তকে চাপে ফেলবে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে–করমুক্ত আয়ের সীমা না বাড়ানো, টেলিফোনে কথা বলার ওপর সম্পূরক শুল্ক বৃদ্ধি, পোশাকে ভ্যাট বাড়ানো, সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর বাড়ানো এবং খাদ্যপণ্যে ট্যারিফ মূল্য বিলুপ্ত। এছাড়া পুরো বাজেটে প্রত্যক্ষ করের চেয়ে পরোক্ষ করে বেশি জোর দেয়া হয়েছে, যা ভোক্তা শ্রেণীর ব্যয় বাড়াবে। তবে তুলনামূলকভাবে উচ্চ ও নিম্ন আয়ের মানুষকে সুবিধা দেয়া হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এ ধরনের পদক্ষেপ অর্থনীতির সাম্যনীতির পরিপন্থী। অন্যদিকে ব্যয়ের ক্ষেত্রে মধ্যবিত্তদের গুরুত্ব কম।
