প্রিয়া সাহা দেশে এলে গ্রেপ্তারের বদলে নিরাপত্তা দেবে সরকার

ফাতেহ ডেস্ক

প্রিয়া সাহা দেশে এলে তাকে গ্রেপ্তারের পরিবর্তে নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রিয়া সাহাকে গ্রেপ্তারের কোনো পরিকল্পনা আমাদের নেই। তাকে নিরাপত্তা দিতে আমরা প্রস্তুত।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রিয়া সাহা বাংলাদেশে এলে তাকে গ্রেপ্তারের রিকল্পনা সরকারের আছে কিনা সেটা জানতে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা বলেছি তাকে গ্রেফতারের পরিকল্পনা আমাদের নেই।

পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মাল্টা সফর শেষে বুধবার ঢাকায় ফিরেছেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকার আয়োজিত মন্ত্রী পর্যায়ের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছিলাম আমি। বাংলাদেশ সরকার থেকে চার সদস্যের প্রতিনিধি যোগ দেন। তবে প্রিয়া সাহা সেখানে সরকারের প্রতিনিধি হিসেবে যোগ দেননি।

ড. মোমেন বলেন, প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এলে তাকে গ্রেফতার বা মামলার পরিকল্পনা সরকারের রয়েছে কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালিস ওয়েলস আমার কাছে জানতে চেয়েছিলেন। আমি তাকে বলেছি, প্রিয়া সাহাকে গ্রেফতারের পরিকল্পনা আমাদের নেই। আমরা তার বিরুদ্ধে মামলাও করতে চাই না। আমরা তাকে নিরাপত্তা দিতেও প্রস্তুত।

গত ১৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের নারী প্রিয়া সাহা অভিযোগ করেছেন, বাংলাদেশ থেকে ৩ কোটি ৭০ লাখ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উধাও হয়ে গেছে। তার ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, জমি কেড়ে নিয়েছে। মুসলিম উগ্রবাদীরা এটা করেছে বলেও তিনি অভিযোগ করেন।

প্রিয়া সাহা যুক্তরাষ্ট্র সরকার আয়োজিত মন্ত্রী পর্যায়ের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন। সে সময় ট্রাম্পের কাছে তিনি এ অভিযোগ করেন।

আগের সংবাদছোটভাইকে গাছের সঙ্গে বেঁধে রেখে বোনকে ধর্ষণ
পরবর্তি সংবাদবিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের