
ফাতেহ ডেস্ক
ফায়ার সার্ভিসের পরিদর্শনের পর সারাদেশে ভবন নির্মাণের অনুমোদন দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
সচিব জানান, বহুতল ভবনে ফায়ার লাইসেন্স প্রতি বছর নবায়ন করার বাধ্যবাধকতা রাখা যায় কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সব ভবনে ফায়ার এক্সিট নিশ্চিত করার ব্যাপারে কঠোর হতে বলেন তিনি।
পাশাপাশি ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানোর নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। আগুন লাগলে পানির সরবরাহ পেতে রাজধানীতে লেক সংরক্ষণ ও নতুন জলাধার তৈরির নির্দেশ দেন তিনি। মন্ত্রিসভায় বনানী অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়।
