
ফাতেহ ডেস্ক
দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার (২৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনী জেরুজালেমের সুরে বাহার শহরের ওয়াডি হামাস এলাকায় কয়েক ডজন ফিলিস্তিনি ঘরবাড়ি ধ্বংস করেছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ।জাতিসংঘ, জাতিসংঘের সাধারণ পরিষদ (ইউএনজিএ), ওআইসি সম্মেলন এবং সিএফএম-এর রেজুলেশনগুলোর প্রতি আমাদের দৃঢ় সমর্থন রয়েছে। এ ধরনের কার্যক্রম স্পষ্টভাবে জাতিসংঘের রেজুলেশন ২৪২ এবং ৩৩৮ এর পুরোপুরি লঙ্ঘন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের অবৈধ কাজের জন্য ইসরায়েলকে জিজ্ঞাসাবাদ করতে বিশ্বসম্প্রদায়ের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ এ ঘটনায় ফিলিস্তিনের জনগণের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছে।
