
আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনে প্রথম সৌদি আরবের প্রথম রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন নায়েফ বিন বান্দার আল-সুদাইরি।
গতকাল মঙ্গলবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করে তিনি তার পরিচয়পত্র পেশ করেন। নায়েফ আল-সুদাইরি জর্দান থেকে কারামা ক্রসিং পার হয়ে দুই দিনের সফরে গতকাল ফিলিস্তিন আসেন।
ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিক করার জন্যই মূলত এ সফর। এ বিষয়ে সৌদি সরকার জানায়, ফিলিস্তিন ভূখন্ডের সমস্যা সমাধানের বিষয় বড় অগ্রগতি হলে তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে রিয়াদ।
ফিলিস্তিনে অনাবাসিক রাষ্ট্রদূত আল-সুদাইরির এই গুরুত্বপূর্ণ সফর ও ফিলিস্তিন রাষ্ট্রে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে তার নিয়োগের বিষয়টির প্রশংসা করে প্রেসিডেন্ট আব্বাস বলেন, এই পদক্ষেপটি দুই দেশ ও দুই বন্ধুপ্রতিম জনগণের মধ্যে শক্তিশালী ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে অবদান রাখবে।
বৈঠকের পর সৌদি রাষ্ট্রদূত বলেন, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে দুই পবিত্র মসজিদের হেফাজতকারী বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও ক্রাউন প্রিন্স যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শুভেচ্ছা পৌছোতে পেরে ও পরিচয়পত্র পেশ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি।
তিনি আরও বলেন, আমরা সৌদি আরব ও ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ওপর জোর দিয়েছি এবং মহান আল্লাহ ইচ্ছায় এই সফরের মধ্যদিয়ে সব ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার করার সূচনা হবে।
গত মাসে ফিলিস্তিনে প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিয়োগ দেয়ার বিষয়টি ঘোষণা করে সৌদি আরব। তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানায় ফিলিস্তিন সরকার। ফিলিস্তিন সংকট সমাধান ও রিয়াদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারে এই পদক্ষেপ কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সূত্র: আলজাজিরা
