ফিলিস্তিন সংকট সমাধানে ‘চীনা প্রজ্ঞা’ ব্যবহারের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের কাছে ফিলিস্তিনের গুরুত্ব রয়েছে এবং বেইজিং ফিলিস্তিন বিষয়ে সব ধরনের শান্তি আলোচনাকে সমর্থন করবে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী শিন গ্যাং। পাশাপাশি তিনি সংকট সমাধানে ‘চীনের জ্ঞান বা প্রজ্ঞা’ ব্যবহারের প্রস্তাবও দিয়েছেন।

বুধবার (১৪ জুন) বেইজিং সফররত ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকির সঙ্গে আলাপকালে চীনা পররাষ্ট্রমন্ত্রী এ অবস্থান ব্যক্ত করেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শিন গ্যাং রিয়াদ আল-মালিকিকে বলেছেন যে, ফিলিস্তিনি জনগণের যে ন্যায়সঙ্গত অধিকার তা প্রতিষ্ঠায় ফিলিস্তিনিদের যে সংগ্রাম তা চীন সবসময়ই সমর্থন করবে।

শিন গ্যাং আরও বলেছেন, ‘চীন ফিলিস্তিনি ইস্যুকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য জাতীয় অধিকার পুনরুদ্ধারের সংগ্রামকে সর্বদা দৃঢ়ভাবে সমর্থন করে।’

তিনি আরও বলেন, ‘চীন শান্তি আলোচনাকে সমর্থন করে যাবে এবং সঠিক দিকনির্দেশনা এবং ফিলিস্তিন সমস্যার সমাধানে চীন প্রজ্ঞা ও শক্তি নিয়ে হাজির হবে।’

প্রসঙ্গত, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিন দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ে রয়েছেন। সেখানে তিনি ফিলিস্তিনের প্রতি চীনের সমর্থন আদায়ের চেষ্টা করবেন বলে ধারণা করা হচ্ছে। একই ইস্যুতে তিনি গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দেয়ার জন্য নিউইয়র্ক গিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে ব্যর্থ হন।

এদিন বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিন ও ইসরাইলের সম্পর্ক ঠিক করতে মধ্যস্থতা করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন।

আগের সংবাদভোজ্যতেল কিনতে গাইড লাইন করছে সরকার
পরবর্তি সংবাদখালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: চিকিৎসক