
ফাতেহ ডেস্ক
ফেনীতে নানা অপরাধের অন্তরালে কাজ করছে দীর্ঘদিন ঘুরেফিরে এ জেলায় অবস্থান করা পুলিশের শক্তিশালী সিন্ডিকেট। যদিও এরই মধ্যে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ধারণা পেয়ে গেছে। ফলে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে ফেনী জেলা পুলিশকে।
সম্প্রতি সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির ওপর বর্বরতার ঘটনার পরিপ্রেক্ষিতে এবং বিভিন্ন সময়ের নানা অভিযোগ ও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ফেনী জেলা পুলিশে ব্যাপক রদবদল করার পরিকল্পনা করছে পুলিশ সদর দফতর।
সংশ্লিষ্টদের তথ্যমতে, ফেনীর পুলিশ সুপার (এসপি) এসএম জাহাঙ্গীর আলম সরকার ও একাধিক থানার ওসিসহ দীর্ঘদিন ধরে ঘুরেফিরে ফেনীতে অবস্থান করা বেশ কিছু কর্মকর্তাকে প্রত্যাহার বা অন্যত্র বদলি করা হতে পারে। পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথায় এমন ইঙ্গিতই পাওয়া গেছে। এ ছাড়া গত কয়েকদিন ধরে ফেনী শহর এবং সোনাগাজী, দাগনভুঞা ছাগলনাইয়াসহ জেলার বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেও জানা গেছে স্থানীয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নানা ক্ষোভ ও অভিযোগের কথা।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ঘুরেফিরে এই একই জেলায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসা বেশ কিছু পুলিশ কর্মকর্তা এখানে নানা অনিয়ম ও অপকর্মের সঙ্গে জড়িত হয়ে পড়েছে।
দীর্ঘদিন ধরে একই জেলায় অবস্থান করার ফলে ওইসব পুলিশ কর্মকর্তার মধ্যেও এক ধরনের ‘সিন্ডিকেট’ গড়ে উঠেছে। প্রভাবশালী বলয় তৈরি করা ফেনীর ওইসব পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রয়েছে দায়িত্ব বা কর্তব্যে অবহেলা, অসহায় মানুষদের হয়রানি, মামলা, আটকসহ নানাভাবে হুমকি দিয়ে ঘুষ-দুর্নীতি করার মতো গুরুতর অভিযোগ।
এসব নিয়ে মুখ খুললেও পুনরায় বিপদে পড়তে হয় ভুক্তভোগী বা সাধারণ মানুষদের। এ অবস্থায় নুসরাতের ওপর নৃশংসতার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তদন্ত করতে বৃহস্পতিবার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
স্থানীয়রা জানান, ক্ষমতাসীন রাজনৈতিক দলের স্থানীয় প্রভাবশালী নেতাদের সঙ্গেও মিলেমিশে ফেনী পুলিশের এক শ্রেণির কর্মকর্তা বা সদস্য নানা অনিয়ম ও অপকর্মে জড়াচ্ছেন।
সোনাগাজীতে নুসরাতের ওপর বর্বরতার ঘটনায় রাজনৈতিক সিন্ডিকেটে জড়িয়ে গিয়ে সেখানকার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন আসামিদের পক্ষে ভূমিকা পালন করেন বলে অভিযোগ রয়েছে।
এমনকি ওসি মোয়াজ্জেমের পক্ষ নিয়ে আবার পুলিশ সদর দফতরে নুসরাতের পরিবারকেই দোষারোপ করে লিখিত চিঠি দেন ফেনীর এসপি এসএম জাহাঙ্গীর আলম সরকার। অভিযোগ আছে, এভাবেই প্রায় সব ক্ষেত্রে সিন্ডিকেটের মতো করেই চলছে ফেনীর স্থানীয় পুলিশ প্রশাসন।
