ফেনী জেলা হেফাজত আমীরের ইন্তেকাল, ইসলামী ঐক্যজোটের শোক

ফাতেহ ডেস্ক:

হেফাজতে ইসলাম বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি, ফেনী জহিরিয়া মসজিদের সাবেক খতিব, শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ.-এর বিশিষ্ট খলিফা মাওলানা আবুল কাশেম-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

আজ রবিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবুল কাশেম রহ. দ্বীনি ইলমের খেদমতের পাশাপাশি আমৃত্যু মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ঈমানী আন্দোলনে অনবদ্য ভূমিকা পালন করেছেন। তার ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন আধ্যাত্মিক ও ধর্মীয় অভিভাবক হারালো। আমরা হারালাম আরেকজন মুরুব্বী আলেম ও দ্বীনি রাহবার।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তারা বলেন, আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর শাহী দরবারে ফরিয়াদ করছি, হে আল্লাহ! আপনি আপনার প্রিয় আলেম বান্দাকে রহমতের চাদরে আবৃত করে চিরস্থায়ী জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নিন।

উল্লেখ্য, রোববার ভোরে রাজধানীর সেগুনবাগিচা এলাকার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাওলানা আবুল কাশেম রহ.। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

আগের সংবাদমাওলানা আব্দুল বারী লক্ষীপুরীর ইন্তেকাল, জানাযা রাত ৮ টায়
পরবর্তি সংবাদ‘বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন’এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত