
ফাতেহ ডেস্ক
ফেসবুকের কল্যাণে প্রায় ১৮ মাস আগে সিলেটের জকিগঞ্জের বিলপার গ্রামের তৈয়ব আলীর ছেলে সাহেদ আহমদের সাথে পরিচয়। পরিচয় থেকে ভালোলাগা। এবং সে-ভালোলাগা থেকেই বাংলাদেশে ছুটে এসেছেন ব্রাজিলের লুসি ক্যলেন (২৯) নামের এক তরুণী। ইসলাম ধর্ম গ্রহণ করে জীবনসঙ্গী করেছেন বাংলাদেশী সাহেদকে। মুসলিম হয়ে নিজের নাম রেখেছেন খাদিজা বেগম।
ব্রাজিলের বাখজিয়াং এলাকায় খাদিজা ওরফে লুসির বাড়ি। নিজ দেশে তিনি একটি হাসপাতালের হেল্প লাইনে কর্মরত ছিলেন। আর বাংলাদেশী তরুণ সাহেদ (২৯) পেশায় সাধারণ আনসার সদস্য।
গত ২০ ফেব্রুয়ারী ব্রাজিল থেকে লুসি ক্যালেন সিলেট বিমানবন্দরে এসে পৌঁছান। সেখান থেকে সাহেদ তাকে গ্রহণ করেন।
২১ ফেব্রুয়ারী সিলেট জজ কোর্টের আইনজীবি সিরাজুল ইসলামের মাধ্যমে লুসি ক্যালেন সিলেট আদালতে উপস্থিত হয়ে ইসলামধর্ম গ্রহণ করে নতুন নাম রাখেন খাদিজা বেগম। এরপর সাহেদ ও খাদিজা ভৌগোলিক দূরত্ব ঘুচিয়ে ৩ লক্ষ ২৫ হাজার টাকা দেনমোহর ধার্য করে মুসলিম রীতি অনুযায়ী যুগলবন্দী হন।
জকিগঞ্জে সুলতানপুর ইউনিয়নের বিলপার গ্রামের ছেলের প্রেমে পড়ে ব্রাজিল থেকে তরুণী এসেছেন এমন খবর ছড়িয়ে পড়েছিলো পুরো এলাকায়। প্রতিদিন শত শত মানুষ সাহেদের বাড়ীতে লুসি ক্যালেনকে দেখতে ভিড় করেন। গ্রামের মানুষের সাথেও হাসিমুখে কথা বলেন লুসি ক্যালেন।
শুক্রবার সন্ধ্যায় এ প্রতিবেদকের সাথে নবদম্পতি লুসি ক্যালেন ও সাহেদ আহমদের দেখা হলে লুসি ক্যালেন জানান, বাবা-মায়ের ইচ্ছে মতই বাঙ্গালী ছেলেকে বিয়ে করতে বাংলাদেশ এসেছি। আমি আগে কোন ধর্মাবলম্বী ছিলাম না। ইসলাম ধর্ম গ্রহণের প্রবল ইচ্ছা ছিলো, সাহেদ মুসলিম হওয়ায় ব্যাপারটা আমার জন্য সহজ হয়েছে।
বাংলাদেশের আবহাওয়া অনেক ভালো লাগে জানিয়ে তিনি গণমাধ্যমে আরও বলেন, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য্য তাকে আকৃষ্ট করেছে। স্বামীর বাড়ীতে বেশি সময় কাটাতে ছুটি নিয়ে আবারো বাংলাদেশে আসবেন।
বিবাহ সম্পন্ন করতে ১৫ দিনের জন্য কর্মস্থল থেকে বাবা মায়ের অনুমতি নিয়ে বাংলাদেশে এসেছেন লুসি। তার সাথে বাবা ও মা বাংলাদেশে আসার কথা ছিলো। কিন্তু ভিসা জটিলতার কারণে আসতে পারেননি।
সাহেদ জানান, পরিবারের সম্মতিতে মুসলিম নিয়ম মেনে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেছি আমরা। ফেসবুকে চ্যাট করেই লুসি ক্যালেনের সাথে পরিচয়। এবং সেখান থেকে ভালোলাগা।
তিনি আরও বলেন, আমি ইংরেজী তেমন না বুঝলেও গুগল ট্রান্সলেটের সাহায্য নিয়ে তার সাথে কথা বলি। কথা বলতে বলতে একপর্যায়ে আমিও ইংরেজীতে অনেকটা দক্ষ হয়ে যাই। লুসি ১৫ দিনের জন্য বাংলাদেশে এসেছে। এই সপ্তাহের মধ্যে ব্রাজিলে ফিরে যাবে। ফিরে আমাকেও ব্রাজিল নেয়ার ব্যবস্থা করবে।
