
আন্তর্জাতিক ডেস্ক:
আবায়া পরে শ্রেণিকক্ষে আসায় ৬৭ শিক্ষার্থীকে বাসায় ফেরত পাঠিয়েছে ফ্রান্সের রাষ্ট্র পরিচালিত স্কুলগুলো। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি স্কুলগুলোতে আবায়া পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বিতর্কের জন্ম দিয়েছে ফ্রান্স।
সোমবার (৪ সেপ্টেম্বর) প্রায় ৩০০ জন শিক্ষার্থী আবায়া পরে স্কুলে এসেছিল। সরকারি পরিসংখ্যান অনুসারে, যারা আবায়া পরেছিল ২৯৮ জন মেয়ের বেশিরভাগই ১৫ বছর বা তার বেশি বয়সের।
এ নিয়ে বিদ্যালয়ের কর্মীদের সঙ্গে আলোচনা শুরু করেছে ফরাসি শিক্ষা মন্ত্রণালয়। তবে বেশিরভাগ মেয়েই যে ধরনের পোশাক পরে তারা ক্লাস করতে পারবে সে ধরনের বিকল্প পোশাক পরে আসায় সম্মত হয়েছিল। কিন্তু শুধু ৬৭ জন মেয়ে তা মানতে নারাজ হয় এবং তাদের বাড়িতে ফেরত পাঠায় কর্তৃপক্ষ।
ডানপন্থি রাজনৈতিক দলগুলো এই উদ্যোগকে স্বাগত জানালেও কট্টর ডানপন্থিরা জানান, এতে নাগরিক স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে।
মুসলিমদের একটি সংগঠন ফ্রান্সের সর্বোচ্চ আদালত স্টেট কাউন্সিলে নারীদের আবায়া ও পুরুষদের কামিসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার সরকারি আদেশের ওপর স্থগিতাদেশ দেওয়ার আবেদন জানিয়েছে। রাষ্ট্রীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে এই আবেদন করা হয়।
অ্যাকশন ফর দ্য রাইটস অব মুসলিমস (এডিএম) নামের এই সংগঠনের আবেদনটি মঙ্গলবার যাচাই করে দেখবে আদালত।
