সাজ্জাদ হুসাইন:
সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বলেছেন, ‘সৌদি আরব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি অবমাননাকর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের তীব্র নিন্দা জানায়।’
গত সোমবার জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সাথে এক ফোনালাপে তিনি এ কথা বলেন। খবর সৌদি নিউজ এজেন্সির।
সূত্রের বরাতে খবরে বলা হয়, এ সময় তারা দু’দেশের মধ্যে সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে তাদের উন্নয়নের উপায় নিয়ে আলোচনা করেন। আলোচনার এক পর্যায়ে উভয়পক্ষ সকল প্রকার উগ্রবাদ, সন্ত্রাসবাদ মোকাবিলার প্রয়োজনীয়তা বিষয়ে একমত হন।
নবী অবমাননার বিষয়ে সৌদি আরবের অবস্থান স্পষ্ট করে বাদশাহ সালমান বলেন, ‘যেভাবে সৌদি আরব ফ্রান্সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি অবমাননাকর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের মতো ধৃষ্টতার তীব্র নিন্দা জানায়, তদ্রূপ সম্প্রতি ফ্রান্স ও অস্ট্রিয়ায় ঘটে যাওয়া সন্ত্রাসী কর্মকাণ্ডকেও সমর্থন দেয় না।’
বাক-স্বাধীনতার সীমাবদ্ধতা বিষয়ে কথা বলতে গিয়ে তিনি আরো বলেন, ‘বাক-স্বাধীনতার নামে অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা, সভ্যতা ও সাংস্কৃতিক আগ্রাসন উস্কে দেয়ারমত জঘন্যতম কাজের কোনো অর্থ থাকতে পারে বলে মনে করি না।’
২৭ শে অক্টোবর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নবী অবমাননা, ইসলাম ও সন্ত্রাসবাদকে গুলিয়ে ফেলার নিন্দা জানিয়ে বিবৃতি দেয়ার পর, এই প্রথমবারের মতো নবী অবমাননার বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য দিলেন বাদশা সালমান।
উল্লেখ্য, সম্প্রতি ফ্রান্সপ্রশাসন বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকর ব্যঙ্গাত্মক কার্টুন ঝুলিয়ে গোটা মুসলিম বিশ্বকে বিক্ষুব্ধ করে তোলে। ২১ অক্টোবর ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রন তার দেয়া এক ভাষণে বলেন, প্যারিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ কখনো বন্ধ করবে না। তার এ ধৃষ্টতাপূর্ণ বক্তব্য মুসলিম বিশ্বের ক্রোধের মাত্রা আরও বাড়িয়ে দেয়। যার ফলে ইতিমধ্যে বেশ কয়েকটি মুসলিম দেশ ফ্রান্সের পণ্য বয়কটেরও ডাক দেয়।
