বগুড়ায় মসজিদের জায়গা দখল করে ইটের স্থাপনা নির্মাণের অভিযোগ

ফাতেহ ডেস্ক :

বগুড়ার শাজাহানপুর উপজেলার বামুনীয়া মন্ডলপাড়া বায়তুস সালাম জামে মসজিদের জায়গা দখল করে ইটের স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। খবর পেয়ে রবিবার বেলা ১২টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন। এ ঘটনায় মসজিদ কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসক, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা এবং শাজাহানপুর থানায় পৃথক পৃথক ভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, বামুনীয় মন্ডলপাড়া গ্রামের মৃত ইসমাইল মন্ডল ১৯৬১ সালে তার বামুনীয়া মৌজার ২৪৫৯, ২৪৭১ এবং ২৭৭২ দাগের মোট ৯৫ শতক জমি মসজিদের নামে ওসিয়তনামা দলিল করে দিয়ে যান।

ওসিয়তনামায় বলা হয়েছে, তার মৃত্যুর পর অন্ত্যেষ্টিকরণের খরচ, ঋণ পরিশোধের পর ওই জমির আয় থেকে মসজিদের ব্যয়ভার বহন করতে হবে। কিন্তু ইসমাইল মন্ডলের মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত তার ওয়ারিশগণ মসজিদের কোনো ব্যয়ভার গ্রহণ করেননি। বরং নিজেরা আত্মসাৎ করে করে আসছেন। এমনকি ২০০১ সালে মৃত ইসমাইল মন্ডলের ছেলে রজিবর রহমান মন্ডল তার পুত্র লুৎফর রহমান ও সামছুর রহমানের নামে ওই জমি দলিল করে দেন। বর্তমানে ২৭৭২ দাগের ৫৭ শতকের মধ্যে ৩৩ শতক জমির ওপর ইটের স্থাপনা নির্মাণের চেষ্টা করলে গত ১৭ অক্টোবর মসজিদ কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর পৃথক পৃথক ভাবে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এসআই শাজাহান আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থালে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে উভয় পক্ষ বসে সুষ্ঠু সমাধানের পর নির্মাণ কাজ করতে বলা হয়েছে।

আগের সংবাদবাবরি মসজিদ ইস্যুতে বিজেপির মতো কথা বলছে কংগ্রেস
পরবর্তি সংবাদপাকিস্তানে সরকার হটাও আন্দোলন শুরু, আটক জমিয়তের কেন্দ্রীয় নেতা