বরগুনায় কুপিয়ে হত্যার ঘটনায় সীমান্তে এলার্ট জারির নির্দেশ হাইকোর্টের

ফাতেহ ডেস্ক

বরগুনায় প্রকাশ্য দিবালোকে সড়কে স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত আসামীরা যেনো কোনভাবেই দেশত্যাগ করতে না পারে সেজন্য সীমান্তে এলার্ট জারি করতে পুলিশের আইজিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের সমন্বয়ে গঠিত দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

জাতীয় দৈনিকে প্রকাশিত কয়েকটি সংবাদের ভিত্তিতে রিফাত হত্যাকাণ্ডের বিষয়টি আদালতের নজরে আনেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর পরপরই আদালত ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশারকে নির্দেশ দেন, বরগুনার প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) রিফাত হত্যার বিষয়ে কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন তা দুপুরের মধ্যে আদালতে জানাতে। এর প্রেক্ষিতে বরগুনার ডিসি, এসপি ও সদর থানার ওসির সঙ্গে কথা বলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

পরে দুপুরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, বরগুনার ডিসি, এসপি ও সদর থানার ওসি জানিয়েছেন, এই ঘটনায় বৃহস্পতিবার সকালে রিফাতের বাবা ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে মামলার চার নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী এখনও মাঠে আছে বলে জানান তারা।

তখন আদালত বলেন, ‌’গতকাল বুধবার দিনে দুপুরে জনসম্মুখে এই ঘটনা ঘটেছে, অথচ আজ বৃহস্পতিবার ১১ টায় মামলা দায়ের করা হয়েছে। এতে মনে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ তেমন জোরালো নয়।’

একপর্যায়ে আদালত বলেন, ‘বরগুনা জেলার আশেপাশে সুন্দরবন ও কয়েকটি বর্ডার রয়েছে। আসামীরা যেনো কোনভাবেই বর্ডার অতিক্রম করে পালিয়ে যেতে না পারে, সেজন্য পুলিশের আইজিকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হলো।’

উল্লেখ্য, বুধবার সকালে বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কয়েকজন যুবক বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের মাইঠা-লবনগোলা এলাকার বাসিন্দা রিফাতকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে চলে যায়। বিকেল চারটার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রিফাতের মৃত্যু হয়।

নৃশংস এই হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, রিফাতকে বাঁচানোর জন্য তার স্ত্রী চিৎকার করলেও আশপাশের কেউ এগিয়ে আসেনি। হামলাকারীরা রিফাতকে রক্তাক্ত করে সবার সামনে দিয়েই চলে যায়।

আগের সংবাদবোমা হামলার আতঙ্কে যুক্তরাষ্ট্রগামী ভারতীয় বিমানের লন্ডনে জরুরি অবতরণ
পরবর্তি সংবাদতালেবানের হামলায় ২ মার্কিন সেনা নিহত