বরগুনায় নিহত রিফাতের স্ত্রী মিন্নি পুলিশি হেফাজতে

ফাতেহ ডেস্ক

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী ও নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য বরগুনা পুলিশ লাইনে আনা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে বরগুনা পৌরসভার মাইট এলাকার নিজ বাসা থেকে তাকে পুলিশ লাইনে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন।

তিনি জানান, রিফাত শরীফ হত্যা মামলার ১ নম্বর সাক্ষী মিন্নি। তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য বরগুনা পুলিশ লাইনে আনা হয়েছে। তবে এ মামলায় তাকে এখন পর্যন্ত আটক বা গ্রেপ্তার করা হয়নি বলেও জানান পুলিশ সুপার।

গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজ গেটে স্ত্রী মিন্নির সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। রিফাতকে কুপিয়ে হত্যার একটি ভিডিও ওই দিনই ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। কয়েকজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গ্রেফতার কেউ কেউ বর্তমানেও রিমান্ডে।

আগের সংবাদবিচারপতিদের ‘মাই লর্ড’, ‘ইউর অনার’ বলা যাবে না : রাজস্থান আদালত
পরবর্তি সংবাদমক্কা থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ৫২ হজযাত্রী