আন্তর্জাতিক ডেস্ক :
বরিস জনসনের কনজারভেটিভ পার্টির বিরুদ্ধে ইসলামফোবিয়াকে উৎসাহিত করার অভিযোগ তুলেছে যুক্তরাজ্যের মুসলিম কাউন্সিল।
মুসলিম কাউন্সিলের এক মুখপাত্র বলেন, আমরা ইসলামবিদ্বেষের হুমকিতে রয়েছি। এই ইস্যু কনজারভেটিভ পার্টিতে প্রকট আকারে রয়েছে। কিন্তু এসব অস্বীকার ও খারিজ করে আসছে দলটি।
তিনি আরও বলেন, একটা বড়সংখ্যক মুসলমানের কাছে বিষয়টি ব্যাপকভাবে পরিষ্কার যে কনজারভেটিভ পার্টি ইসলামবিদ্বেষকে আশ্রয় দিচ্ছে। সমাজে তা তিক্তভাবে ছড়িয়ে পড়ার সুযোগ করে দিচ্ছে। এ ধরনের বর্ণবাদ উৎখাত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও দলটি ব্যর্থ হয়েছে।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বরিস জনসন ইতিপূর্বে ইসলামফোবিয়াকে যৌক্তিক হিসেবে তুলে ধরতে চেয়েছেন। ২০০৫ সালে তিনি এক নিবন্ধে লিখেছিলেন, ‘জনসাধারণের পক্ষে ইসলামকে ভয় পাওয়া প্রাকৃতিক।’ লন্ডন বোমা হামলার প্রেক্ষিতেও তিনি বলেছিলেন, ইসলামই মূল সমস্যা।
গত বছর ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফে লেখা এক নিবন্ধে বোরকা পরা মুসলিম নারীদের লেটারবক্স ও ব্যাংক ডাকাতের সঙ্গে তুলনা করেছিলেন বরিস।
উল্লেখ্য, নির্বাচনী ইশতেহারে বরিস জনসন ইসলামফোবিয়ার তদন্ত করবেন বলে প্রতিশ্রুতি দিলেও তিনি তা ফিরিয়ে নিয়েছেন। নির্দিষ্ট করে ইসলামফোবিয়া নিয়ে কোনো তদন্ত হবে না বলে জানিয়ে দিয়েছেন।
