
ইমরান চৌধুরী
বাংলাদেশের অর্থনীতির একটা বড় সমস্যা ঋণ খেলাফ। ঋণ খেলাফ বড়বড় রুইকাতলাদের টাকা লুট করার প্রথম সোপানও বটে। এজন্যই বেশিরভাগ রাজনীতিবিদের উপর মামলা দেয়ার জন্য সবার আগে বাছাই করা হয় তাদের ঋণ খেলাফকে। কারণ তাদের ক্ষেত্রে এই দিকে ছিদ্র থাকাটা সহজলভ্য।
ঋণ খেলাফ এখন দেশের জন্য একটি অভিশাপে পরিণত হয়েছে। এটা দেশের ব্যাংক ব্যবস্থার বিকাশে এক নেতিমূলক বাঁধায় পরিণত হয়েছে। খেলাফ হওয়া কর্জের হার অতিরিক্ত বেশি হওয়ায় এর কুপ্রভাব কেবল সমাজের উঁচু তলায়ই সীমাবদ্ধ থাকেনি, নিচুতে দূষণ ছড়াচ্ছে। ব্যাংকে চাকুরীর সুবাদে দেখেছি, অনেক সাধারণ মানুষও ব্যাংকে লোন নিতে আসেই ডিফল্টার হবার ধান্দায়।
যাহোক, ঋণ খেলাফের বিষয়টি সামনে আনার কারণ, নিরাপত্তাগত দৃষ্টিকোন থেকে এর কুপ্রভাবের স্বরূপ থাকা, না থাকা খতিয়ে দেখা। আমি মনে করি, কোন দেশের ব্যাংকিং ব্যবস্থায় খেলাফ হওয়া ঋণের হার বাড়া একটি নিরাপত্তা জনিত সমস্যা হিসেবে চিত্রিত হতেই পারে। তাছাড়া খেলাফ, তথা স্রেফ মেরে দেয়ার উদ্দেশ্যে ঋণ গ্রহণ করা একটি প্রতারণা, সেই সূত্রে একটি ফৌজদারী অপরাধ।
আজকাল ক্ষণে ক্ষণে নিরাপত্তার সংজ্ঞা পরিবর্তিত হচ্ছে। আজ থেকে পনেরো বছর আগেও যারা সামরিক বাহিনীতে চাকুরী করেছেন, তারা জলবায়ু পরিবর্তন বা জ্বালানী নিরাপত্তাকে জাতীয় নিরাপত্তার সাথে মিলিয়ে দেখতেন না। সময়ের প্রয়োজনে হয়তো দেশে সামগ্রিক ঋণ খেলাফের হারের বাড়া-কমা জাতীয় নিরাপত্তার অবস্থা নিরূপণের একটি সূচকে পরিণত হবে…।
