বাংলাদেশের জলসীমায় ঢুকে ভারতীয় জেলেরা নিয়মিত মা ইলিশ শিকার করছে

ফাতেহ ডেস্ক :

৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর মোট ২২ দিন ইলিশ প্রজননের জন্য নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। আইনকে সম্মান জানিয়ে বাংলাদেশের জেলেরা এ সময়ে ইলিশ ধরা বন্ধ রাখলেও ভারতীয় জেলেরা এটাকে সুযোগ মনে করে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে প্রতিনিয়ত পদ্মার ইলিশ আহরণ করছে।

এতে ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহীর মৎস্যজীবীরা। তারা এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনকে স্মারকলিপি প্রদান করেছেন।

রাজশাহীর চারঘাট উপজেলার পদ্মাপাড়ের জেলে সিদ্দিক আলীর বয়স এখন সত্তরের কাছাকাছি। ইলিশ শিকার করেই তার সংসার চলে। তিনি জানান, সরকারি নিষেধাজ্ঞা থাকায় আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাছ শিকার বন্ধ রেখেছেন তিনি। এখন তার অলস সময় কাটছে। অথচ আইনের তোয়াক্কা না করে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে পদ্মার ইলিশ তুলে নিয়ে যাচ্ছে ভারতীয় জেলেরা।

চারঘাট উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, প্রতিবছর মা মাছ সংরক্ষণে নিষেধাজ্ঞার সময় ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে ইলিশ শিকার করে। তারা নিষেধাজ্ঞা জেনেও এই কাজ করছে।

বাঘা উপজেলার সরেরহাট মৎস্যজীবী সমিতির সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘ইলিশ নিধনে নিষেধাজ্ঞার সময় ভারতের জেলেরা আমাদের সীমানার মধ্যে এসে মাছ ধরে। আর আমরা নৌকা তুলে রেখেছি। এ বিষয়ে প্রশাসনকে ব্যবস্থা নিতে কয়েক বছর ধরে স্মারকলিপি দিচ্ছি। তারপরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’

আগের সংবাদ‘মেননের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা আইনগতভাবে বাধ্যতামূলক’
পরবর্তি সংবাদস্কুলের পড়াশোনার পাশাপাশি পুরো কুরআন হিফজ করল ক্লাস ফোরের ছাত্রী তাসনিম