
আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশে ১০ বিলিয়ন মার্কিন ডলার (এক হাজার কোটি ডলার বা ৩৭ দশমিক ৭ বিলিয়ন দিরহাম) বিনিয়োগের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগকারীরা।
আগামীকাল রোববার দুবাইয়ের কনরাড হোটেলে বাংলাদেশ ইকোনমিক ফোরামের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগের ধারাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে তিন’শ এর বেশি সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, বিনিয়োগকারী এবং উদ্যোক্তারা দিনব্যাপী এ সম্মেলনে অংশ নেবেন।
জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে অধিকাংশ বিনিয়োগকারী বাংলাদেশি। সেখানে পঞ্চাশ হাজারেরও বেশি বাংলাদেশি ব্যবসায়ী সফলভাবে ব্যবসা পরিচালনা করছে। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে প্রায় দেড় লাখের বেশি বাংলাদেশি কর্মরত।
ফোরামের মূল বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান।
তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ’র (বিএইচটিপিএ) কর্মকর্তাদের নিয়ে গঠিত ২০ সদস্যের সরকারি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বাংলাদেশ সরকারের তিনটি বিনিয়োগ এজেন্সি (আইপিএ) হলো- বিডা, বেজা এবং বিএইচটিপিএ।
প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি পেশাদার ও উদ্যোক্তা ভিত্তিক বেসরকারি খাতের উদ্যোগে বাংলাদেশ ইকোনমিক ফোরাম আয়োজিত উপসাগরীয় আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণ করবে। এখানে প্রায় ২০টি নতুন বিনিয়োগ প্রকল্প বাংলাদেশ ইকোনমিক ফোরামে উপস্থাপন করবে।
