
ফাতেহ ডেস্ক:
ইলেক্টোরাল ভোট গণনায় বিজয়ী হয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র জো বাইডেন। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) কংগ্রেস ও সিনেটের যৌথ সভায় বাইডেনের জয়কে প্রত্যয়িত করে।
যদিও একদিন আগেই মার্কিন প্রেসিডেন্টের এই স্বীকৃতি পাওয়ার কথা ছিল। তবে বুধবার (৬ জানুয়ারি) যৌথসভা চলাকালে পার্লামেন্টে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। যার কারণে বাইডেনকে স্বীকৃতি দেওয়ার সভা সাময়িক স্থগিত করা হয়।
মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটাল হিলে নজিরবিহীন ওই হামলায় চারজনের নিহত হওয়ার খবর মিলেছে। নিরাপত্তারক্ষীসহ আহত হয়েছেন অনেক। ভয়াবহ এই ঘটনার পর ট্রাম্পকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তার দল রিপাবলিকানের নেতারাই।
এ দিকে বিক্ষোভ দমনে পার্লামেন্ট ভবন অবরুদ্ধ করতে বাধ্য হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালীন ট্রাম্প সমর্থকরা অতর্কিতে হামলা চালালে সেখানে এক অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হয়। ট্রাম্প সমর্থকরা এ সময় ব্যাপক ভাঙচুর চালায়। এছাড়া সেখানে গোলাগুলির ঘটনাও ঘটেছে।
এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ঘটনাটিকে বিক্ষোভ নয়, সন্ত্রাসী কার্যক্রম হিসেবে অভিহিত করেছেন তিনি। এর আগেই উগ্রপন্থি সংস্থার সদস্যসহ ওয়াশিংটনে জড়ো হন কয়েক হাজার ট্রাম্প সমর্থক। সেখানে নির্বাচনের পরাজয় মেনে না নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের কাছে সমবেত কয়েক হাজার সমর্থকের উদ্দেশে ট্রাম্প বক্তব্য দেওয়ার পর এই গোলযোগ দেখা দেয়। বক্তব্যে পুরনো অভিযোগ ব্যাপক জালিয়াতির মাধ্যমে তার কাছ থেকে নির্বাচন ‘চুরি করে নেওয়া হয়েছে’ বলে অভিযোগ করেন ট্রাম্প।
উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ নেবেন বাইডেন। তবে এখনো ক্ষমতা হস্তান্তর বা ছাড়ার বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি ট্রাম্প।
