বাউফলে রাস্তা থেকে তুলে নিয়ে মাদরাসাছাত্রীকে ধর্ষণ

ফাতেহ ডেস্ক :

পটুয়াখালীর বাউফলে রাস্তা থেকে তুলে নিয়ে ৭ম শ্রেণি পড়ুয়া এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় মানিক সরদার (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই রাতেই ধর্ষককে আটক করে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, সন্ধ্যায় উত্তর দাসপাড়া দাখিল মাদরাসা থেকে প্রাইভেট পড়া শেষ করে বাড়িতে যাচ্ছিল ৭ম শ্রেণির ওই ছাত্রী। পথিমধ্যে পৌরসভার শেরে বাংলা রোডের বাংলালিংক টাওয়ারের কাছে পৌঁছালে একই এলাকার মৃত আফতের আলী সরদারের ছেলে মানিক তার পথরোধ করে দাঁড়ায়। জাপটে ধরে টাওয়ারের পিছনে নির্জন স্থানে নিয়ে যায়। পরে ওই মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যায় মানিক। মেয়েটির আত্মচিৎকারে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর মানিককে আটক করে পুলিশ।

বাউফল থানার থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় ওই ছাত্রীর বাবা মো. শাহজাহান হাওলাদার বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেছেন।মেডিকেল পরীক্ষার জন্য ভিকটিমকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাতেই অভিযুক্তকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আগের সংবাদব্রিটেনে তরুণীদের ইসলাম ধর্ম গ্রহণের সংখ্যা বাড়ছে
পরবর্তি সংবাদব্রিটেনে মুসলিম তরুণ-তরুণীদের জন্য চালু হল হেল্পলাইন MY