ফাতেহ ডেস্ক :
চাঁপাইনবাবগঞ্জে বাক প্রতিবন্ধী ৩য় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামানকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে শহরের নিয়ামতনগর মহল্লায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার আসাদুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার মসজিদপাড়া মহল্লার রেজাউল ইসলামের ছেলে। সদর মডেল থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বাক প্রতিবন্ধী বিদ্যালয়ের ৩য় শ্রেণির এক ছাত্রীকে শনিবার দুপুরে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বাথরুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দেয়।
এসময় স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে দরজা খুলে ওই ছাত্রীকে উদ্ধারসহ প্রধান শিক্ষক আসাদুজ্জামানকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেয়।
সদর মডেল থানা পুলিশ আসাদুজ্জামানকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শনিবার রাতে ওই বাক প্রতিবন্ধী ছাত্রীর মা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
