আন্তর্জাতিক ডেস্ক :
আবারও ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে রকেট হামলা চালানো হয়েছে। ছয়টি কাতিউশা মডেলের রকেট দিয়ে এ হামলা চালানো হয়। ইরাকি সেনা বাহিনী জানিয়েছে, এর মধ্যে তিনটি রাজধানীর গ্রিন জোনের সরকারি ভবন ও বিদেশি মিশনে আঘাত হেনেছে। বাকি তিনটি রকেট কাছাকাছি জাদরিয়া এলাকায় আঘাত হেনেছে। খবর আল জাজিরার।
পুলিশ জানিয়েছে, এসব হামলায় ছয়জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা এএফপি নিউজকে জানিয়েছেন, সোলেইমানিকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে বাগদাদে মার্কিন দূতকে তলবের কয়েক ঘণ্টা পরেই মার্কিন দূতাবাসের কাছে দুটি রকেট হামলা চালানো হয়।
উল্লেখ্য, রোববার দ্বিতীয়বারের মতো গ্রিন জোনে হামলা চালানো হলো এবং গত দু’মাসে এ নিয়ে ১৪ বার ওই এলাকায় হামলা চালানো হয়েছে।
