বাজেট জিনিসপত্রের দাম বাড়ায়, ধারণা মানুষের

ফাতেহ ডেস্ক

৬৬ ভাগ দরিদ্র মানুষই মনে করে বাজেটের পর নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ে। আর ১৭ শতাংশ গরীব মানুষ জানেন-ই না বাজেট কী। এমন চিত্র উঠে এসেছে তিনটি উন্নয়ন সংস্থার জরিপে। দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়নে দরিদ্র জনগোষ্ঠীর ওপর বাজেটের প্রভাব নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

দারিদ্র্য বিমোচনে বিশ্বের সামনে বাংলাদেশ এখন রোল মডেল। ২০১৮ সাল শেষে দারিদ্র্যের হার ২১ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে। আর অতি দারিদ্র্যের হার নেমেছে ১১ দশমিক ৩ শতাংশে। এ হার আরও কমাতে প্রতিবছরই বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ বাড়ানোসহ নেয়া হচ্ছে নানা কর্মসূচি। বাজেটের এসব উদ্যোগ কতটা প্রভাব ফেলছে দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীর ওপর, তা জানতেই – ব্র্যাক, আইসোশ্যাল এবং উন্নয়ন সমন্বয় একটি গবেষণা প্রকল্প হাতে নেয়। এর অংশ হিসেবে, ৪ হাজার ৮০০ পরিবারের ওপর জরিপ চালানো হয়।

জরিপের তথ্য বলছে, দেশের মোট সম্পদের ২৮ ভাগই অতি ধনী ৫ ভাগের হাতে। আর অতি দরিদ্র ৫ ভাগ মানুষের হাতে মাত্র দশমিক দুই তিন ভাগ সম্পদ। এ পরিস্থিতিতে অর্থনীতিবিদরা মনে করছেন, ধনী-গরীবের বৈষম্য কমাতে সার্বজনীন পেনশন স্কিম চালু জরুরি। জরিপের ফলাফল বলছে, দরিদ্র না হয়েও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা নিচ্ছে ২০ ভাগ মানুষ। এ সমস্যা সমাধানে সার্বজনীন পরিচয়পত্র চালু ও ৩য় পক্ষ দিয়ে তালিকা মূল্যায়নের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।

আগের সংবাদদুর্নীতির অভিযোগে রেল কর্মকর্তা গ্রেপ্তার
পরবর্তি সংবাদবিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের বিক্ষুব্ধদের ভাঙচুর