
ফাতেহ ডেস্ক:
টানা বর্ষণে বান্দরবানের সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়া জেলা শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইতোমধ্যে শহরের ইসলামপুর, আর্মিপাড়া, শেরেবাংলা নগরসহ বেশ কয়েকটি এলাকার বসতবাড়ি পানির নিচে তলিয়ে গেছে।
রোববার (৬ আগস্ট) সরেজমিনে এই দৃশ্য দেখা যায়। তবে ক্ষতিগ্রস্তরা বিভিন্ন আশ্রয় কেন্দ্র অবস্থান নিয়েছেন।
জানা গেছে, পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে পৌর সভা ও প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। ভারী বর্ষণ অব্যাহত থাকায় দেখা দিয়েছে পাহাড়ধসের ঘটনা। এ ছাড়াও জেলা প্রশাসনের পক্ষে থেকে সাতটি উপজেলায় ২০৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তবে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরে পাহাড়িদের মাচাং ঘর পানির নিচে তলিয়ে গেছে।
জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, বান্দরবানের বিভিন্ন পাহাড়ের পাদদেশে কয়েক হাজার মানুষের বসবাস। কয়েকদিন থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ায় জেলার বিভিন্নস্থানে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। তাই প্রশাসনের পক্ষ থেকে জনগণকে আশ্রয়কেন্দ্রে অবস্থানের অনুরোধ জানানো হচ্ছে। বান্দরবান জেলা সদরসহ সাতটি উপজেলায় সর্বমোট ২০৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
