আন্তর্জাতিক ডেস্ক :
বাবরি মসজিদের জমির বদলে দেয়া পাঁচ একর জমি নিতে সুন্নি ওয়াকফ বোর্ড এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যদি অস্বীকার করে তাহলে তা শিয়া ওয়াকফ বোর্ডকে দিয়ে দিতে আহ্বান জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি।
শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি বলেন , সুন্নি ওয়াকফ বোর্ড আর অন ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড চাইছে জমি শিয়া ওয়াকফ বোর্ড নিক। তবে শিয়া ওয়াকফ বোর্ড যদি ৫ একর জমি গ্রহণ করে , তাহলে সেখানে রামের নামে হাসপাতাল নির্মাণ করা হবে। শুধু হাসপাতাল নয়, ওই ৫ একর জায়গায় থাকবে মন্দির, মসজিদ, গুরুদোয়ারা, চার্চও।
উল্লেখ্য, ভারতের বাবরি মসজিদ মামলার রায়ে বিতর্কিত জমি হিন্দুদের দিয়ে দিতে বলা হয়েছে। এর পরিবর্তে মসজিদের জন্য মুসলিম সুন্নি ওয়াক্ফ বোর্ডকে পাঁচ একর বিকল্প জমি দেয়ার কথা বলা হয়েছে। কিন্তু সেই বিকল্প জমি না নিয়ে রিভিউ পিটিশন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ঘোষণা করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড।
