বাবরি মসজিদ মামলার রায়ের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ মিছিল শুক্রবার

বাবরি মসজিদ মামলার রায়ের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ মিছিল শুক্রবার

ফাতেহ ডেস্ক :

বাবরি মসজিদ মামলার রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আগামী শুক্রবার বাদ জুমা রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ জেলা সদরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

আজ সোমবার গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে এই কর্মসূচী ঘোষণা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ও মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বাবরি মসজিদের জায়গা রাম মন্দির নির্মাণের রায়ে মুসলমানরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। এই রায়ে উপমহাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি -শৃঙ্খলা বিপন্ন করার সুযোগ তৈরি করে দেয়া হয়েছে। মুসলমানদের সাথে হিন্দু সম্প্রদায়ের নতুন করে দাঙ্গা সৃষ্টির রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে।

হেফাজত নেতৃদ্বয় আরও বলেন, ভারতের প্রত্নতাত্বিক জরিপের তথ্য অনুযায়ী এখানে কোন হিন্দু মন্দিরের অস্তিত্ব প্রমাণিত নয়। অথচ রাম জন্মভূমির কল্পিত দাবীকে কেন্দ্র করে মসজিদের জায়গাটি মন্দির নির্মাণের জন্যে দিয়ে দেয়া হলো। এই রায় দিয়ে মুসলিম উম্মাহর সাথে হিন্দুস্তানের যুদ্ধ (গজওয়ায়ে হিন্দ) বাঁধানোর আনুষ্ঠানিক ঘোষণা করা হলো।

হেফাজত নেতৃদ্বয় আরও বলেন, মুসলিম বিশ্ব ও সকল শান্তিকামী মানুষ মসজিদের জায়গায় মন্দির নির্মাণ কোনোভাবেই মেনে নেবে না। মোদী সরকারের জেনে রাখা উচিৎ যে, আদালতের ঘাড়ে বন্ধুক রেখে জোর করে রায় চাপিয়ে দেয়ার পরিণাম শুভ হবে না। মুসলমানরা তাদের ধর্মীয় প্রতীকসমূহ রক্ষায় জীবনবাজি রেখে লড়াই করে যাবে। তবুও মসজিদের জায়গায় মন্দির নির্মাণ করতে দিবে না।

আগামী শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিল সফল করার জন্য হেফাজত নেতৃদ্বয় ওলায়ে কেরাম এবং তৌহিদী জনতার প্রতি আহবান জানান।

আগের সংবাদমসজিদকে কনসার্ট হল হিসেবে ব্যবহার করছে চীনা কর্তৃপক্ষ
পরবর্তি সংবাদগুরুতর অসুস্থ আল্লামা আশরাফ আলী, দেশবাসীর কাছে দোয়া চাইলো পরিবার